অধ্যাপকসহ আনসারুল্লাহর চার সদস্যকে গ্রেপ্তার: মনিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন এ বি এম সোহেল উদ দৌলা, আহাদুল ইসলাম, জগলুল হক ও মো. তোয়াসিন রহমান। তাঁরা সবাই নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনে ‘দাওয়া’ শাখার সদস্য। 

এবিটির এসব সদস্যের মধ্যে সোহেল আহসানউল্লাহ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক বলে জানান সিটির প্রধান মনিরুল ইসলাম।
আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে মতিঝিল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি নোটবুক, দুটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও ওসামা বিন লাদেনের অনুবাদ গ্রন্থ ‘মানহাজের ব্যাপারে নির্দেশনা’ ও শাইখ আনোয়ার আল আওলাকির অনুবাদ গ্রন্থ ‘এ যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে’ একটি করে বই উদ্ধার করা হয়। আহসানউল্লাহ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সোহেল এবিটির এই গ্রুপটি সংগঠক ছিলেন। অন্য তিনজনকে সিরিয়া যাওয়ার ব্যাপারে তিনি সহায়তা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া চারজনের কাছ থেকে জানা যায়, এঁরা দাওয়াতি শাখার পাশাপাশি ব্লগারদের হত্যার পরিকল্পনার দায়িত্বে ছিলেন। তাঁরা পলাতক জঙ্গি হাসান ওরফে রেজার মাধ্যমে ২০১৪ সালে সংগঠনে যোগ দিয়ে বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছিলেন।
এদিকে আহসানউল্লাহ ইউনিভার্সিটির একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ে ছিলেন অধ্যাপক সোহেল। বিকেল চারটার দিকে মিরপুরের পল্লবীর বাসার উদ্দেশে রওনা হন তিনি। বাসায় ফেরার সময় ফার্মগেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাঁকে ধরে নিয়ে যান কয়েকজন। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেন সোহেলের পরিবার।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সোহেল নিখোঁজ হওয়ার পর তাঁর বড় ভাই থানার জিডি করেছেন।