অধ্যাপকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. আবুল কালাম আজাদের (৬২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের পাহাড়িকা আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা বিলকিস ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম সর্দার এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম সর্দার বলেন, এ ঘটনায় অধ্যাপক আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরা কাউকে সন্দেহ করছেন না। তারপরও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা বিলকিস প্রথম আলোকে বলেন, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা লাশটি পুলিশ উদ্ধার করে। গলায় ওড়নার দাগ ছাড়া অধ্যাপক আবুল কালাম আজাদের শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।

মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর স্ত্রী শাহানারা বেগম একই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে পাহাড়িকা আবাসিক এলাকায় নিজস্ব একতলা ভবনে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে।

অধ্যাপক আবুল কালাম আজাদের স্ত্রী অধ্যাপক শাহানারা বেগম প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার পৌনে চারটার দিকে বিভাগ থেকে বাসায় আসি। মূল দরজা পেরিয়ে ঘরে প্রবেশ করেই দেখি, তাঁর (আবুল কালাম আজাদ) কক্ষের দরজা খোলা। তিনি ফ্যানের সঙ্গে ঝুলছেন। এরপর চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন।’ শাহানারা বেগম বলেন, ‘তিনি (আবুল কালাম আজাদ) মানসিকভাবে দুর্বল ছিলেন। এটি নিয়ে আমরা চিন্তায় ছিলাম।’

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কয়েক মাস ধরে আবুল কালাম আজাদ হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছিলেন। এ জন্য ঢাকায় চিকিৎসাও নিয়েছিলেন। চিকিৎসা শেষে বিভাগে যোগদান করলেও নিয়মিত আসতেন না। সর্বশেষ গত রোববার বিভাগে আবুল কালাম আজাদের সঙ্গে তাঁর দেখা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।