কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সেলিম তোহার বাসায় গুলি করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত ১১টার পরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। গুলির ঘটনায় অধ্যাপক সেলিম গতকাল সোমবার কুষ্টিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অধ্যাপক সেলিম তোহা কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় নিজস্ব বাসায় থাকেন। দোতলা বাসায় তিনি পরিবার নিয়ে থাকেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘রোববার রাত সোয়া ১১টার দিকে হঠাৎ দুটি গুলির আওয়াজ পাই। পরে আমার ভবনের নিচতলার সিঁড়ি ঘরে গিয়ে দেখতে পাই সেখানে কাচের মধ্যে দুটো ছিদ্র হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল চলে যাওয়ারও শব্দ শুনতে পাই। পরে মেঝের ওপর দুটি গুলির খোসা পড়ে থাকতে দেখি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’
সেলিম তোহা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সঙ্গে সম্পৃক্ত। তিনি অবশ্য গুলির কারণ সম্পর্কে কোনো ধারণা করতে পারছেন না। কাউকে সন্দেহও করছেন না।
কুষ্টিয়া সদর থানার ওসি বিপ্লব কুমার বলেন, জিডির পর ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসাসহ আলামত সংগ্রহ করেছে পুলিশ। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শিক্ষকের বাসা লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনার নিন্দা জানিয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।