নম্বরপত্র টেম্পারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও পরীক্ষাসংক্রান্ত কাজ থেকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর থিসিস পেপার জালিয়াতির দায়ে ছাত্রত্ব বাতিল করা হয়েছে মাস্টার্সের এক শিক্ষার্থীর।
গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৬১তম সভায় এসব সিদ্ধান্ত হয়। ওই শিক্ষক হলেন ফলিত গণিত বিভাগের অধ্যাপক শামসুল আলম সরকার। আর ওই শিক্ষার্থীও একই বিভাগের। নাম রফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফলিত গণিত বিভাগের ২০০৭-০৮ সেশনের থিসিস গ্রুপের শিক্ষার্থীদের এমএসসি পরীক্ষা ২০১৩ সালের ৯ নভেম্বর শেষ হয়। থিসিস জমা ও মৌখিক পরীক্ষা শেষ হয় ২০১৪ সালের ১৩ জুন ও ২৮ জুন। থিসিস গ্রুপের তিনজনের মধ্যে রফিকুল ইসলামের বিরুদ্ধে গবেষণাপত্রে জালিয়াতির অভিযোগ ওঠে। শিক্ষক শামসুল আলমের বিরুদ্ধে অভিযোগ ওঠে রফিকুল ইসলামের টেব্যুলেশন শিট খুলে নম্বর টেম্পারিংয়ের। এ অবস্থায় বিভাগের ২০০৭-০৮ সেশনের ফলাফল স্থগিত করা হয়। যা এখনো প্রকাশিত হয়নি। অভিযোগ তদন্তে কমিটি করা হয়। ওই কমিটির প্রতিবেদনে জালিয়াতির প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। থিসিস পেপার জালিয়াতির কারণে রফিকুল ইসলামের মাস্টার্সের ছাত্রত্ব বাতিলের পাশাপাশি তাঁর থিসিসও বাতিল করা হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক বলেন, ‘আমি সিন্ডিকেটের বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে পারব না। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে দাপ্তরিক কাগজপত্র তৈরি করা হবে। তারপর সবকিছু জানা যাবে।’
শনিবার রাতের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী আবদুর রহিমকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে আবদুর রহিম ওএসডি রয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) ভবনের নির্মাণকাজে অনিয়ম করেছেন। এ ছাড়া ভর্তিতে অনিয়মের অভিযোগে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের গবেষক ও সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন মুনের ভর্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।