অনধিকার প্রবেশের দায়ে দুই শিক্ষক ও নয় তরুণের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার হলে অনধিকার প্রবেশের দায়ে এক শিক্ষক ও নয় তরুণ এবং দায়িত্বে অবহেলার দায়ে এক সহকারী হল সুপারকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গোপালগঞ্জের কাশিয়ানীতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার দুটি পরীক্ষাকেন্দ্রে এ অভিযান চালানো হয়। কেন্দ্র দুটি হলো এম এ খালেক সরকারি বালিকা বিদ্যালয় ও পিঙ্গলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরুজ্জামান।
আদালত সূত্রে জানা গেছে, পিঙ্গলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসাকেন্দ্রে অনধিকার প্রবেশ করায় মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া নিজামউদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক নোমানকে (৩০) তিন দিনের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এ ছাড়া উপজেলার এম এ খালেক সরকারি বালিকা বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলা ও অব্যবস্থাপনার দায়ে ওই কেন্দ্রের সহকারী হল সুপার নজরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। তিনি নায়েবুন নেছা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক। একই কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে নয়জন তরুণের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নয়জনের মধ্যে সাতজন হলেন রিসাদ (২৩), সুজন (২৪), রনি (২২), শেখ রাজু (২০), আরিফ (২১), সজল (২২) ও সাব্বির (২১)। বাকি দুজনের নাম জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, দণ্ডবিধির ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে আর্থিক দণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।