অননুমোদিত চিকিৎসার দায়ে তিনজনের জেল
শেরপুরে ভ্রাম্যমাণ আদালত অননুমোদিতভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান এবং নকল ও ভেজাল ওষুধের ব্যবসার অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন। এ সময় আদালত একটি দোকান সিলগালা করে দেন।
শেরপুরের নির্বাহী হাকিম মেহেদী হাসান গত বুধবার সন্ধ্যায় জেলা শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকায় অবস্থিত মডার্ন হোমিও কমপ্লেক্সে এ অভিযান চালান।
আদালত ময়মনসিংহ সদরের চরবলবিলা গ্রামের বাসিন্দা ও মডার্ন হোমিও কমপ্লেক্সের চিকিৎসক আবুল হাসেমকে (৪৫) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁর দুই সহযোগী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ওসমান গনি (৩৫) ও আলমগীর হোসেনকে (৩৫) দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় চার মাস ধরে আবুল হাসেম শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকায় মডার্ন হোমিও কমপ্লেক্স নামে একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান খুলে অননুমোদিতভাবে রোগীদের চিকিৎসা করে আসছিলেন। একই সঙ্গে তিনি নকল ও ভেজাল ওষুধ বিক্রি করতেন। এ কাজে তাঁকে সহযোগিতা করতেন ওসমান গনি ও আলমগীর। এ ছাড়া আবুল হাসেম স্থানীয় কেব্ল অপারেটরের চ্যানেলগুলোর মাধ্যমে এ ব্যাপারে বিজ্ঞাপনও প্রচার করতেন।
স্থানীয়ভাবে বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় নির্বাহী হাকিম মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মডার্ন হোমিও কমপ্লেক্সে অভিযান চালান। এ সময় আদালত ওই দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করেন। সেই সঙ্গে আবুল হাসেমের ব্যবহৃত ব্যবস্থাপত্র ও ভিজিটিং কার্ড জব্দ করেন তাঁরা। পরে আদালত তাঁদের তিনজনকে ওই দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শেরপুরের নির্বাহী হাকিম সুমন্ত ব্যানার্জি ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের শেরপুর-জামালপুরের তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী হাকিম মেহেদী হাসান বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।