অবৈধভাবে চাল মজুত: অভিযান, জরিমানা
অবৈধভাবে চাল মজুত, ওজনে কম দেওয়া, বেশি দামে বিক্রিসহ বিভিন্ন অভিযোগে দেশের চার জেলায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার এসব অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বিভিন্ন ব্যবসায়ীকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে চারটি চালকলের মালিককে আজ দুপুরে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে চাল মজুত, ওজনে কম দেওয়া ও প্রক্রিয়াকরণ খরচের চেয়ে বেশি দামে চাল বিক্রিসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোর্তুজা খান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চাঁচকৈড় বাজারের সততা ট্রেডার্সের মালিক রায়হান উদ্দিনকে ৭০ হাজার টাকা, চৌধুরী ট্রেডার্সের মালিক কিশোর কুমার চৌধুরীকে ৫০ হাজার টাকা, ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা ও কে এম ট্রেডার্সের মালিক আলমগীর কবিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম বলেন, চালের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রতিটি চালকলে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার শেখ আনোয়ার হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, জেলা বাজার মনিটরিং কর্মকর্তা নূর মোমেন, কনজুমার অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক রইচ উদ্দিন প্রমুখ।
রাজশাহী: অবৈধভাবে ধান-চাল মজুতের অভিযোগে নগরের দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুব্রত পালের নেতৃত্বে আজ বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন রহিমা সুলতানা ও উম্মে তাবাসসুম।
আদালত নগরের বিসিক এলাকার হামিম অ্যাগ্রো ফুড লিমিটেডকে ৫০ হাজার টাকা ও আসলাম রাইস মিলসকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। হামিম অ্যাগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপক ফয়সাল হোসেন ও আসলাম রাইস মিলসের মালিক হলেন আসলাম তোহা।
আদালত সূত্রে জানা গেছে, হামিম অ্যাগ্রো ফুড লিমিটেডে অভিযান চালিয়ে ৪ হাজার ২৯ বস্তা চাল পাওয়া গেছে। কিন্তু এই প্রতিষ্ঠানের চাল মজুত করার কোনো লাইসেন্স নেই। একই এলাকার আসলাম রাইস মিলসে অভিযান চালিয়ে পাওয়া গেছে ১ হাজার ২৮৫ বস্তা ধান ও ১০০ বস্তা চাল। এই প্রতিষ্ঠানের ধান-চাল মজুত করার লাইসেন্স নিয়ে আদালতে মামলা চলছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল বলেন, দুটি প্রতিষ্ঠানই অবৈধভাবে ধান-চাল মজুত করে রেখেছিল। আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, জেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম প্রমুখ। নগরের সপুরা ফাঁড়ির পুলিশ এ অভিযানে সহায়তা করে।
গাজীপুর: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চাল বিক্রির অপরাধে কাপাসিয়া বাজারের চাল ব্যবসায়ী চান মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সন্ধ্যায় আদালত এ অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাকছুদুল ইসলাম বলেন, নির্ধারিত মূল্যের বেশি দামে চাল বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে।
চান মিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের বাসিন্দা। তিনি চালের খুচরা ব্যবসা করতেন বলে জানিয়েছেন কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী। আদালতের অভিযানের সময় কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান খান উপস্থিত ছিলেন।
ফরিদপুর: সদরপুর উপজেলায় অবৈধভাবে চাল মজুতের দায়ে এক চাল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি বাজারের চাল ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন খানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলার ইউএনও রোকসানা রহমান।
ইউএনও রোকসানা রহমান প্রথম আলোকে বলেন, গুদাম মালিকের লাইসেন্স না থাকায় এবং অতিরিক্ত চাল মজুত করায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে এ জরিমানা করা হয়।