ভারত, রাশিয়া ও মালয়েশিয়া থেকে অনলাইনে পরিচালিত জুয়ার আসরে যুক্ত রয়েছে বাংলাদেশের একটি চক্র। এ চক্রের মাধ্যমে দেশে বসে ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলছেন অনেকেই। ঢাকায় চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বলেছে, চক্রের সদস্যরা জুয়ার গ্রাহক জোগাড় করেন। সেই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ার আসরের অবৈধ অর্থের লেনদেন করেন।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। তিনি জানান, ১৯ ফেব্রুয়ারি রাজধানীর খিলক্ষেতে অভিযান চালিয়ে ওই আন্তর্জাতিক চক্রের দুই মাস্টার এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম ওরফে বাবু (২৮), রানা হামিদ (২৬) ও সুমন মিয়া (২৫)। তাঁদের কাছ থেকে পৌনে ১২ লাখ টাকা, একটি গাড়ি, চারটি মুঠোফোন, পাঁচটি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের ১৩টি ব্যাংক হিসাব ও ২৩টি মোবাইল ব্যাংকিং হিসাবের নথি উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি।
এ কে এম হাফিজ আক্তার বলেন, দেশে অবস্থান করে ৫০ থেকে ৬০ জনের একটি চক্র ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার সাইট পরিচালনা করে আসছিল। গ্রেপ্তার তিনজন মাজা পিবিইউ ও বেটবাজ ৩৬৫ নামের দুটি জুয়া খেলার ওয়েবসাইটের বাংলাদেশের মাস্টার এজেন্ট। তাঁরা মাস্টার এজেন্ট হিসেবে দেশের বাইরে থাকা সুপার এজেন্টের কাছ থেকে প্রতিটি পিবিইউ (ভার্চ্যুয়াল মুদ্রা) ৬০ টাকায় কেনেন। পরে স্থানীয় এজেন্টের কাছে সেসব মুদ্রা প্রতিটি ১০০ টাকায় ও জুয়াড়িদের কাছে ১৫০ টাকায় বিক্রি করেন। ৮ থেকে ১০ লাখ টাকার বিনিময়ে দেশে একেকজন স্থানীয় এজেন্ট নিয়োগ দিয়েছেন তাঁরা।
সিয়াম আহমেদ ও আলী খান নামে দুটি ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে স্থানীয় এজেন্টরা অনলাইনে জুয়া খেলতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতেন বলে জানিয়েছে ডিবি।
এ কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আয়ের প্রকাশ্য কোনো উৎস নেই। অথচ প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁদের ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং হিসাবে ১৫ থেকে ২০ কোটি টাকা লেনদেন হয়েছে। গত বছরে অনলাইন জুয়ার মাধ্যমে পাওয়া ২০ থেকে ৩০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাঁরা।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে এবং তাঁদের তিন দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।