অনলাইনে ব্যবসার নামে টাকা নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে পণ্য বিক্রির ব্যবসার নামে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার লোকজনের কাছ থেকে একটি প্রতারক চক্র প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মাসে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

প্রতারণার শিকার উল্লাপাড়ার আতিকুর রহমান, শান্তা ইসলাম, ইসমাইল হোসেন, শাহজাদপুরের আবদুল মমিনসহ অনেকেই অভিযোগ করেন, উল্লাপাড়ার তুষার সরকার ও তাঁর বোন রনি খাতুন এক বছর আগে পৌরসভার ঝিকিড়া মহল্লায় একটি বাসা ভাড়া নেন। সেখানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রয় করার জন্য একটি কার্যালয় খোলেন। এরপর তাঁরা কম্পিউটারে রেফ্রিজারেটর, টেলিভিশন, স্মার্টফোন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ট্যাবলেট পিসিসহ বিভিন্ন ধরনের সামগ্রীর ছবি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়া শুরু করেন। একই সঙ্গে পণ্য বিক্রির লাভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা নেন। প্রথমদিকে গ্রাহকদের জমা করা টাকার ওপর তাঁরা লভ্যাংশ বা সুদ দেন। এরপর তাঁরা ব্যবসায় অংশীদারত্বের লোভ দেখিয়ে উল্লাপাড়ার আতিকুর রহমানের কাছ থেকে ১৫ লাখ ৩০ হাজার, শান্তা ইসলামের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার, ইসমাইল হোসেনের কাছ থেকে ৮ লাখ, আবদুল মমিনের কাছ থেকে ১১ লাখ, সাইদুল ইসলামের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার, আইয়ুব আলীর কাছ থেকে ৫০ হাজার এবং শাহজাদপুর উপজেলার চিনাধুকুরিয়া গ্রামের বেশ কয়েকজনের কাছ থেকে ১০ লাখ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকা নেন। পরে চলতি বছরের সেপ্টেম্বরে রাতের আঁধারে কার্যালয় গুটিয়ে তাঁরা পালিয়ে যান।

অভিযোগের বিষয়ে কথা বলার জন্য তুষার ও রনির মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁদের পাওয়া যায়নি।

উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব বলেন, অভিযোগের ভিত্তিতে বিচার সালিস হয়েছে। এ সময় তাঁরা দোষী সাব্যস্ত হলেও টাকা পরিশোধ করেননি।