নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজে অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন ফরম জমা নেওয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির আবেদন ফরম জমা বাবদ তাঁদের কাছ থেকে ৩৫০ টাকা নেওয়া হলেও রসিদ দেওয়া হচ্ছে ২৫০ টাকার। কলেজ কর্তৃপক্ষ বলছে, প্রসপেক্টাসের জন্য ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, সরকারি তোলারাম কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন ফরম সংগ্রহ করেন তাঁরা। এরপর ফরম জমা নেওয়ার সময় কলেজ কর্তৃপক্ষ সরকার–নির্ধারিত ফি ২৫০ টাকার জায়গায় ৩৫০ টাকা নেয়। কোনো শিক্ষার্থী সরকার–নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের ফরম জমা নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্র জানিয়েছে, তোলারাম কলেজে অনার্স প্রথম বর্ষে বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজকর্ম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান বিষয়ে মোট আসনসংখ্যা ১ হাজার ৭৬০। গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪ হাজার ২২৯টি ফরম জমা নেওয়া হয়েছে। ২০ সেপ্টেম্বর শেষ সময় পর্যন্ত প্রায় ১০ হাজারের মতো আবেদন ফরম জমা পড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে তোলারাম কলেজের দুজন শিক্ষক জানান, অনেক দিন ধরে ভর্তির আবেদন ফরম জমা বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। একটি প্রসপেক্টাস ছাপাতে সর্বোচ্চ খরচ ১৫ থেকে ২০ টাকা। সেখানে ১০০ টাকা নেওয়া দুঃখজনক।
কলেজের উপাধ্যক্ষ শাহ মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যেসব শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে, তাঁদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।’