অনিবন্ধিত সমবায় সমিতির পরিচালক গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিবন্ধনহীন একটি সমবায় সমিতির পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। সমিতির সদস্যদের চাঁদা আত্মসাতের অভিযোগে গত সোমবার রাত আটটায় পুলিশ তাঁকে সমিতির কার্যালয় থেকে আটক করে।
ওই ব্যক্তির নাম জহিরুল ইসলাম। তিনি উপজেলার আশ্বিনপুর এলাকায় ইসলামি কো-অপারেটিভ সোসাইটি লি. নামে নিবন্ধনহীন সমবায় সমিতির পরিচালক।
এলাকার তিন-চারজন বাসিন্দা ও সমবায় কার্যালয় সূত্র জানায়, সমবায় নীতিমালা না মানায় ২০১২ সালে ওই সমিতির নিবন্ধন বাতিল করে সমবায় কার্যালয়। ২০১৩ সাল থেকে নিবন্ধনহীন ওই সমিতিতে তিনি অর্ধশতাধিক লোককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন এবং অধিক লাভের কথা বলে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা (আমানত) সংগ্রহ করেন।
১৫-২০ দিন আগে একাধিক সদস্য তাঁদের জমা টাকা ফেরত চাইলে তিনি সময়ক্ষেপণ করেন। পরে তাঁরা বিষয়টি উপজেলা সমবায় কর্মকর্তাকে জানান।
ইউএনওর নির্দেশে পুলিশ সোমবার রাতে সমিতির কার্যালয় থেকে তাঁকে আটক করেন। সমিতির কার্যালয়ও সিলগালা করা হয়।