
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ৪৮টি প্রতিষ্ঠানের যেসব সম্পত্তি অস্বচ্ছ প্রক্রিয়ায়, বিনা মূল্যে বা কম মূল্যে হস্তান্তর করা হয়েছে, তা ফেরত আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শর্ত সাপেক্ষে হস্তান্তরের ক্ষেত্রে শর্ত লঙ্ঘন করে সরকারের এসব সম্পত্তি যাঁরা নিয়েছেন, তাঁদের কাছ থেকেও তা ফিরিয়ে আনা হবে।
একই সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যেসব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি অকেজো বা পুরোনো হয়ে গেছে, তা আধুনিকায়ন করে নতুন উদ্যমে চালুসহ পাট, বস্ত্র, তাঁত ও রেশম খাতের উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এসব সিদ্ধান্ত দিয়েছেন। সম্পত্তি হস্তান্তর, বেসরকারীকরণ ও বিক্রয়ের ক্ষেত্রে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে বলেও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সদ্য অপসারিত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তাঁর সময়ে ৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টি প্রতিষ্ঠান হস্তান্তরের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এর মধ্যে ৩০টি প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ হস্তান্তর করা হয়েছে, বাকি ১৬টি হস্তান্তরের প্রক্রিয়াধীন। আর বিনা দরপত্রে বিক্রি করা হয়েছে ১২টি।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এভাবে বিনা দরপত্রে সম্পত্তি হস্তান্তরের ফলে জনস্বার্থ ক্ষুণ্ন হয়েছে। বেসরকারীকরণ কমিশন থেকেও এ বিষয়ে আপত্তি জানিয়ে বলা হয়েছে, বেসরকারীকরণ কমিশন আইন ও নীতিমালা অনুযায়ী কমিশন ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় বা সংস্থা বেসরকারীকরণ করতে পারে না।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত একটি কমিটি এসব অনিয়মের জন্য মন্ত্রীকেই দায়ী করেছে। ওই কমিটির মতে, প্রায় সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এককভাবে, বিনা দরপত্রে, অস্বচ্ছ প্রক্রিয়ায়, বিনা মূল্যে বা কম মূল্যে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে। সম্পত্তি হস্তান্তর বা বিক্রয়ের বেশির ভাগ ক্ষেত্রে নীতিমালা মানা হয়নি।
জানতে চাইলে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম গতকাল প্রথম আলোকে বলেন, ‘যেসব সম্পত্তি ফেরত আনার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি, তা তো ফেরত আনা হবে। এ ক্ষেত্রে যদি নিয়ম না মেনে কাউকে স্থায়ী বন্দোবস্তও দেওয়া হয়ে থাকে, তাও ফেরত আনা হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে, সে অনুযায়ীআমরা কাজ শুরু করেছি। কিছু ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। এ ছাড়া জনস্বার্থ ক্ষুণ্নের সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ব নিরুপণ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা কাজ শুরু করেছি।’
বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফণীভূষণ চৌধুরী মন্ত্রণালয় বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী উপস্থাপনার পর বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দেন।
সূত্র জানায়, বৈঠকে ২৬টি পাটকল করপোরেশন (বিজেএমসি) আধুনিকায়ন করে নতুন করে চালুর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে লিমিটেড কোম্পানি গঠন করে কিছু প্রতিষ্ঠান সরকারের অধীনে রেখে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্র জানায়, অর্ধশতকের পুরোনো প্রযুক্তি ও যন্ত্রপাতি নিয়ে বিজেএমসি চলছে। আবার পাটপণ্য উন্নয়ন ও বিপণন গবেষণা প্রতিষ্ঠানের অভাব রয়েছে, আছে দক্ষ জনবলের অভাব। এ ছাড়া কাঁচা পাট উৎপাদন করতে পাটচাষিদেরও অনাগ্রহ রয়েছে। এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী পাটকলগুলো আধুনিকায়নের জন্য যা যা করা দরকার, তা করতে বলেন।
বৈঠকে সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রে বিভিন্ন পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে বস্ত্র খাতকেও আধুনিকীকরণ করা হবে। এ ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে বস্ত্র পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করা, বস্ত্র গবেষণা প্রতিষ্ঠান স্থাপনসহ বস্ত্র প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে মোট হস্তচালিত তাঁত রয়েছে প্রায় পাচঁ লাখ। এর মধ্যে দুই লাখ বন্ধ। বৈঠকে প্রধানমন্ত্রী বন্ধ দুই লাখ তাঁত চালুর সিদ্ধান্ত দিয়েছেন। একই সাঙ্গে বেনারসি ও জামদানি তাঁতপল্লি ঢাকার অদূরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁতিদের জন্য আবাসন ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে। তাঁতবস্ত্রকে জনপ্রিয় করতে তাঁত ব্যাংক খোলা, তাঁত ভবন নির্মাণসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। একইভাবে রেশম খাত উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের আলোচনা হয়েছে বৈঠকে।