অনিয়ম পেয়েছে দুদক, ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞাসহ পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট নেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মতে, পুরো প্রক্রিয়াটি আইনসম্মত হয়নি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশ ও যাচাই-বাছাই ছাড়াই এসব সনদ নেওয়া হয়েছে।

অভিযুক্ত অন্য চার সচিব হলেন সদ্য ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সরকারি কর্ম কমিশনের সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।

গত বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলী এ বিষয়ে প্রতিবেদন জমা দেন। দু-একদিনের মধ্যে কমিশনের সভায় এ প্রতিবেদন নিয়ে আলোচনার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হতে পারে। দুদক এই কর্মকর্তাদের অসদাচরণের জন্য তাঁদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। চাকরিতে প্রবেশকালে মিথ্যা তথ্য দেওয়ায় সরকারি কর্ম কমিশন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে বলেও মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে।

গত ২২ জানুয়ারি প্রথম আলোতে ‘চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সারা দেশে এ নিয়ে সমালোচনার মুখে পড়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। পরে দুদক এই সনদ নেওয়ার প্রক্রিয়ার বিষয়ে অনুসন্ধান করে সত্যতা পায়।

দুদকের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা গতকাল রাতে প্রথম আলোকে জানান, দুদক প্রথম আলোর প্রতিবেদনের সত্যতা পেয়েছে। পাঁচজন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে। তবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খোন্দকার শওকত হোসেন ২০০০ সালে সনদ নিলেও ২০১৩ সালে তা সংশোধন করেন। ওই কর্মকর্তারা জানান, অনুসন্ধানে তাঁরা দেখেছেন মোল্লা ওয়াহিদুজ্জামান ও খোন্দকার শওকত ছাড়া সবারই মুক্তিযুদ্ধের সময় বয়স অনেক কম ছিল।

কর্মকর্তারা জানান, দুদক এই কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে পারত। কিন্তু যেহেতু তাঁদের চাকরির মেয়াদ শেষ হয়নি এবং তাঁরা এখনো আর্থিক সুবিধা নেননি। তাই আইনত তাঁরা মামলা করতে পারছেন না।

অভিযুক্ত সচিবদের মধ্যে চারজনের চাকরির মেয়াদই শেষ পর্যায়ে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মোল্লা ওয়াহিদুজ্জামান চাকরি করছেন চুক্তিভিত্তিক। এ কে এম আমির হোসেন এবং নিয়াজ উদ্দিন মিঞা চাকরি করছেন পূর্ণাঙ্গ সচিব হিসেবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব থাকাকালে কে এইচ মাসুদ সিদ্দিকীকে গত মাসে ওএসডি করা হয়। যুগ্ম-সচিব আবুল কাসেম তালুকদারকে ওএসডি করা হয় গত জুলাইয়ে।

প্রতিবেদনে বলা হয়, পাঁচ আমলার কেউই মুক্তিযুদ্ধে অংশ নেননি। যুদ্ধে অংশগ্রহণের অকাট্য কোনো দলিলও অনুসন্ধানকালে তাঁরা দেখাতে পারেননি। তাই তাঁরা মুক্তিযোদ্ধা নন।