অনিয়মের অভিযোগে আদালতে দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ার ইতনা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে আদালতে দুটি মামলা হয়েছে। লোহাগড়া সহকারী জজ আদালতে মামলা দুটি করেন দুজন নিয়োগপ্রার্থী।
১ জানুয়ারি আদালতে প্রথম মামলাটি করেন নিয়োগপ্রার্থী মো. আশরাফুল ইসলাম। ৭ জানুয়ারি একই অভিযোগে দ্বিতীয় মামলাটি করেন আরেক নিয়োগপ্রার্থী এস এম ফরিদুজ্জামান। আদালত উভয় মামলার আদেশে বিবাদীদের কারণ দর্শাতে বলেছেন।
কলেজ সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর কলেজে ব্যবসায় নীতি ও প্রয়োগ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং কৃষিশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা এবং শিক্ষা সনদের মেধার ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করা হয়। ২৮ ডিসেম্বর নিয়োগ পাওয়া প্রার্থীরা যোগদান করেন।
জানা গেছে, মামলাকারী দুজনই ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের প্রার্থী ছিলেন। দুজনেরই অভিযোগ, নিয়োগ পরীক্ষার প্রকৃত ফলাফল পরিবর্তন করে অযোগ্য প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মামলায় কলেজের পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ গাঙ্গুলী, অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী, স্থানীয় সাংসদ শেখ হাফিজুর রহমান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ও সেই কলেজের শিক্ষক নাছিমা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া মো. হুমায়ুন কবীরকে বিবাদী করা হয়েছে।
আরজিতে উল্লেখ করা হয়েছে, কলেজ বা নিয়োগসংশ্লিষ্ট না হওয়া সত্ত্বেও সাংসদ শেখ হাফিজুর রহমান নিয়োগের সময় উপস্থিত থেকে নিয়োগ বোর্ডের সদস্যদের প্রভাবিত করেছেন। এ প্রভাবে নিয়োগ পরীক্ষায় অনেক কম নম্বর পাওয়া সত্ত্বেও ফলাফল পরিবর্তন করে হুমায়ুন কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে।
সাংসদ শেখ হাফিজুর রহমানের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি। বিশ্বনাথ গাঙ্গুলী প্রথম আলোকে বলেন, নিয়োগে সাংসদ কোনো প্রভাব সৃষ্টি করেননি। তবে তিনি উপস্থিত ছিলেন। নিয়োগ শতভাগ স্বচ্ছ না হলেও ৯০ ভাগ স্বচ্ছ হয়েছে।
অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী আদালতের কারণ দর্শাও নোটিশ পওয়ার কথা নিশ্চিত করে বলেন, নিয়োগে কোনো অনিয়ম হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান বলেন, ‘স্থানীয় সাংসদ তাঁর নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি। তাই নিয়োগ বা কলেজসংশ্লিষ্ট না হলেও নিয়োগের ক্ষেত্রে তিনি উপস্থিত থাকতে পারেন।