অনিয়মের অভিযোগে প্রকৌশলী বরখাস্ত
অনিয়মের অভিযোগে রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেয়র সরফুদ্দীন আহমেদ ৭ অক্টোবর লিখিতভাবে এই বরখাস্তের আদেশ দেন।
এ বিষয়ে মেয়র গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, তাঁকে না জানিয়ে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম করেছেন প্রকৌশলী। চাকরিবিধি লঙ্ঘন করার দায়ে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
মেয়র স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সিটি করপোরেশনের সিজিপি (সিটি গভর্ন্যান্স প্রজেক্ট), এমজিএসপি (মিউনিসিপ্যাল গভর্ন্যান্স সার্ভিসেস প্রজেক্ট) ও ইজিপি (ইলেট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) প্রকল্পের আওতাধীন সড়ক ও কালভার্ট নির্মাণের পাঁচটি দরপত্রে অনিয়ম করা হয়েছে। মেয়রকে না জানিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজেই মূল্যায়ন করে তা ঢাকায় প্রকল্প পরিচালকের দপ্তরে পাঠিয়েছেন।
আদেশে আরও বলা হয়, প্রকৌশলী এমদাদ হোসেন দরপত্র নিজের মতো যাচাই-বাছাই করেছেন। তিনি নিম্ন দরদাতা ঠিকাদারদের অযোগ্য ঘোষণা করেন। আর উচ্চ দরদাতা ঠিকাদারকে কাজ দিতে প্রস্তাব পাঠান ঢাকায় প্রকল্প পরিচালকের দপ্তরে। এভাবে পাঁচটি দরপত্রে অনিয়ম করা হয়েছে, যা সিটি করপোরেশনের তদন্তে বেরিয়ে এসেছে। তবে কোন খাতে কত টাকার অনিয়ম করা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি।
প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, ‘বরখাস্তের আদেশ পেয়েছি। এখন আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগে দপ্তরবিহীন হিসেবে কর্মরত আছি।’ তিনি তাঁর অনিয়ম-দুর্নীতির বিষয়ে কোনো মন্তব্য করেননি।