অনিয়মের প্রমাণ মিলেছে 'সূর্যমুখী সাতক্ষীরার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিক্ষণ আয়োজনের নামে চুয়াডাঙ্গায় ‘সূর্যমুখী সাতক্ষীরা’ নামের বেসরকারি সংগঠনটির (এনজিও) আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন অনুকূলে পেতে এনজিওটির কর্তৃপক্ষ চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তদন্ত কর্মকর্তারা।
গত ২৮ মে ‘বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি’র আয়োজন করে সূর্যমুখী সাতক্ষীরা। জেলার দামুড়হুদা এবং সদর উপজেলার দুটি স্কুলে তিন দফায় তিন ঘণ্টার সেই প্রশিক্ষণ মাত্র ২৫ মিনিটে শেষ করে সংগঠনটি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় চলা এই প্রশিক্ষণে যত জনের অংশ নেওয়ার কথা ছিল, তার অর্ধেকও অংশ নেয়নি। এ ছাড়া প্রতিটি প্রশিক্ষণে ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা ব্যয় করার কথা থাকলেও হিসাব করে দেখা গেছে, ব্যয় হয় দৃশ্যত ১০ হাজার টাকার কম। ৪ জুন ওই প্রশিক্ষণ নিয়ে প্রথম আলোয় ‘এ কেমন প্রশিক্ষণ!’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পরপরই দুই উপজেলা এবং জেলা স্তরে চারটি তদন্ত শুরু হয়।
সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের মৌখিক অনুরোধে জেলা ও উপজেলা প্রশাসন তদন্তের উদ্যোগ নেয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুন উজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত শেষ হয়েছে। এতে অনিয়মের প্রমাণ মিলেছে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান অভিযোগ করেন, সূর্যমুখী এনজিওর নির্বাহী পরিচালক রাশিদা মীর্জা নিজে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে চাপ সৃষ্টি করে তাঁর পক্ষে প্রতিবেদন নেওয়ার চেষ্টা করছেন।
তবে রাশিদা মীর্জা চাপ সৃষ্টি করার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি চাপ দেব কেন, আমার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বা শুনবে কেন?’
দুই ইউএনও ছাড়াও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা এবং জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিয়মের বিষয়ে তদন্ত করছেন।
এদিকে সংবাদ প্রকাশের দিনই (৪ জুন) দুপুরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পের (ন্যাশনাল ইনিশিয়েটিভ টু অ্যান্ড ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন প্রজেক্ট) সাপোর্ট প্রোগ্রাম ম্যানেজার শফিউল আজমের সরেজমিন তদন্তে যাওয়া নিয়ে স্থানীয় সংশ্লিষ্ট অনেকের মনে প্রশ্ন উঠেছে। সূত্রমতে, ওই কর্মকর্তা ঢাকা থেকে যশোর পর্যন্ত বিমানে আসেন এবং চুয়াডাঙ্গায় তদন্ত শেষে বিমানেই ফিরে যান। তিনি অভিযুক্ত এনজিওর নির্বাহী পরিচালক রাশিদা মীর্জাকে সঙ্গে নিয়েই চুয়াডাঙ্গায় তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এ নিয়ে জানতে চাইলে শফিউল আজম প্রথম আলোকে বলেন, ‘রুটিন মনিটরিংয়ের অংশ হিসেবে যাই চুয়াডাঙ্গায়। এলাকাটিতে আমি নতুন গিয়েছিলাম এবং রাশিদা মীর্জা পরিচিত বলে তাঁকে সঙ্গে নিয়েই যাই। চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, প্রশিক্ষণ ঠিকই ছিল।’