এক কোটিরও বেশি টাকা ব্যয়ে ঢাকার সাভারের বাজার রোডের সংস্কারকাজে অনিয়মসহ নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সাভার পৌরসভা এই সংস্কারকাজের বাস্তবায়ন করছে।
সাভার পৌরসভার প্রকৌশল বিভাগসহ বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ১৩ কোটি টাকা ব্যয়ে সাভার বাজার রোড ও তিনটি সড়কের সংস্কারকাজসহ দুটি ড্রেন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল প্রায় আট মাস আগে। জামিল ইকবাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারি দলের স্থানীয় কতিপয় নেতার সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজটি পান। পরে তাঁরা (নেতারা) কাজ না করায় জামিল ইকবালের পক্ষ থেকেই কাজে হাত দেওয়া হয়।
সিঙ্গাইর উপজেলা যুবলীগের সদস্য কে এম খালেদ নেওয়াজ বলেন, পদ্মা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানের পক্ষে তিনি দরপত্র ক্রয় করেছিলেন। কিন্তু তাঁকেসহ অন্য কোনো ঠিকাদারকে দরপত্র জমা দিতে দেওয়া হয়নি। শুধু জামিল ইকবাল প্রতিষ্ঠানই দরপত্র জমা দিয়েছিল।
তিনি বলেন, এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সাভার পৌরসভার কার্যসহকারী আমিনুল করিম বলেন, ‘চুক্তি অনুযায়ী ১ হাজার ২০০ মিটার দীর্ঘ সড়কটির শুধু পাথরের কার্পেটিং তুলে পুরোনো পাথরের সুরকির ওপর বালু ফেলে এর ওপর ৪ ইঞ্চির মানসম্মত খোয়া ব্যবহার করতে হবে। এরপর দেড় ইঞ্চির কার্পেটিং করে সিলকোট করার কথা।’
গত বৃহস্পতিবার বাজার রোডের সংস্কারকাজ পরিদর্শনকালে নামাবাজার থেকে সড়কটির ৩০০ মিটার অংশে কাজ করতে দেখা যায়। এ সময় নিম্নমানের খোয়া ব্যবহারের পাশাপাশি নামমাত্র বালু আর দেড় থেকে দু ইঞ্চি পুরু করে খোয়ার ব্যবহার চোখে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফুল ইমামকে অবহিত করলে তিনি ওই দিনই সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি নিম্নমানের খোয়ার ব্যবহার বন্ধ করার পাশাপাশি চুক্তি অনুযায়ী কাজ করার নির্দেশ দেন।
সেখানে উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী সামসুল আলম বলেন, ‘সড়কটির ৩০০ মিটারের মতো অংশে কার্পেটিং তুলে খোয়ার কাজ হয়েছে। ওই কাজে কিছু নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। তবে পরের কাজে চুক্তি অনুযায়ী খোয়া ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘রাজনৈতিক চাপের কারণে আমরা কোনো এক ব্যক্তিকে খোয়া সরবরাহের দায়িত্ব দিয়েছি। এ কারণেই নিম্নমানের খোয়া নিতে বাধ্য হচ্ছি। একই কারণে আমাদের প্রতিষ্ঠানের নামে কতিপয় নেতা দরপত্র জমা দিয়েছিলেন। তাঁরা কাজ না করায় বাধ্য হয়ে আামদেরই কাজ করতে হচ্ছে। কিন্তু তাঁদের প্রভাব রয়েই গেছে।’
কোন রাজনৈতিক দল বা কারা সেই নেতা তা তিনি বলতে রাজি হননি।
সরকারি দলের একাধিক নেতা বলেন, পৌর এলাকার একটি সড়ক বা রাস্তা চলাচল উপযোগী নয়। কয়েক মাস পর পরই এসব রাস্তার উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয়। সব কাজই ভাগ-বাঁটোয়ারা হয় নেতাদের মধ্যে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
নির্বাহী প্রকৌশলী শরীফুল ইমাম বলেন, ‘সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে চুক্তি অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে ৩০০ মিটার কাজের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে একাধিকবার জানতে চাওয়া হলেও সে বিষয়ে তিনি কিছু বলেননি।