সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ‘অদ্ভুত’ ইনডোর স্টেডিয়াম নির্মাণের পেছনে কারা জড়িত, তা তদন্ত করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
জাতীয় সংসদ ভবনে গত রোববার কমিটির বৈঠকে এ বিষয়ে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ জন্য কমিটির সদস্য নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে গঠিত উপকমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১৪ জুলাই ‘বিকেএসপির অদ্ভুত ইনডোর স্টেডিয়াম, গ্রীষ্মে ভেতরে তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রির বেশি’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। ১৫ জুলাই প্রথম আলোতে ‘অকেজো ইনডোর স্টেডিয়াম, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশিত হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকমিটি তদন্ত করে জানতে পেরেছে, নকশার ত্রুটির কারণে বিকেএসপির ইনডোর স্টেডিয়ামটি খেলোয়াড়দের প্রশিক্ষণের অনুপযোগী। কমিটি মনে করে, এই নকশা যাঁরা অনুমোদন করেছেন, তাঁরাই এর জন্য দায়ী। এ ছাড়া ইনডোর স্টেডিয়ামটিতে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করা হয়েছে কি না, তা-ও সংসদীয় উপকমিটি তদন্ত করে দেখবে।
জানতে চাইলে কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আয়ারল্যান্ডের মতো শীতপ্রধান দেশ থেকে ধারণা নিয়ে বাংলাদেশের মতো গরমপ্রধান দেশে কীভাবে এ ধরনের একটি স্টেডিয়াম তৈরি করা হলো, এর জন্য কেউ না-কেউ অবশ্যই দায়ী। কমিটি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। কারা দায়ী, তদন্ত করে বের করবে কমিটি।
২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে দরপত্রের শর্ত অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান মডার্ন বিল্ডার্স দেড় লাখ বর্গফুট আয়তনের ইনডোর স্টেডিয়ামটি তৈরি করে। এতে সরকারের ব্যয় হয়েছে ১৬ কোটি টাকার মতো। কিন্তু নকশার ত্রুটির কারণে এই স্টেডিয়ামে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা নেই। যে কারণে স্টেডিয়ামটিতে গরমকালে তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রির ওপরে, যা খেলোয়াড়দের ব্যবহারের অনুপযোগী।
তবে সংসদীয় কমিটির মধ্যস্থতায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব অর্থে ইতিমধ্যে স্টেডিয়ামটিতে বড় আকারের কিছু জানালা তৈরির কাজ শুরু করেছে। এতে তাদের ব্যয় হবে ৫৯ লাখ টাকা।
জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়সহ নাহিম রাজ্জাক ও নুরুল ইসলাম তালুকদার অংশ নেন।