নওগাঁ পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। পাসপোর্ট করাতে গিয়ে দালালদের খপ্পরে পড়ছে মানুষ। ফলে দালাল ও এই চক্রের সঙ্গে সম্পর্কিত অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের কাছে সাধারণ গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
এই অনিয়মই এখানে অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সাত-আটজন গ্রাহকের সঙ্গে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে। দালাল চক্রের অস্তিত্বের বিষয়টি কর্তৃপক্ষ স্বীকার করলেও এ ব্যাপারে তাদের কিছু করার নেই বলে জানিয়েছে। তবে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।
পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, সাধারণত ২১ দিন মেয়াদের মধ্যে পাসপোর্ট করার জন্য ৩ হাজার ৪৫০ টাকা এবং জরুরি ভিত্তিতে (৭ দিনের মধ্যে) পাসপোর্ট করার জন্য ৬ হাজার ৯০০ টাকা ব্যাংকে জমা দিতে হয়। এর বাইরে আর কোনো টাকা লাগে না।
গত রোববার থেকে বুধবার পর্যন্ত সেবা নিতে আসা অন্তত ১০-১২ জন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা প্রত্যেককেই দালালদের সহায়তায় পাসপোর্টের জন্য আবেদন ফরম জমা দিয়েছেন। দ্রুত পাসপোর্ট দেওয়ার নাম করে তাঁদের প্রত্যেককে দালালি ফি দিতে হয়েছে। এ জন্য প্রত্যেককে দুই থেকে চার হাজার পর্যন্ত অতিরিক্ত টাকা দালালকে দিতে হয়েছে তাঁদের।
মঙ্গলবার কথা হয় নওগাঁর সাপাহার উপজেলা থেকে পাসপোর্ট করাতে আসা রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘দ্রুত ও ঝামেলা ছাড়া কাজ করাতে চাইলে এখানে দালাল ধরতে হবে—এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এদের মাধ্যমে কাজ না করালে অনেক সমস্যা। ফিঙ্গার প্রিন্ট, নামের বানান থেকে শুরু করে এই ভুল-ওই ভুলের কথা বলে নানাভাবে ভোগাবে। বেলাইনে চললেই এখানে তাড়াতাড়ি কাজ হয়।’
পাসপোর্ট অফিস চত্বরে পাসপোর্ট পেয়ে উৎফুল্ল মেজাজে ফিরছিলেন দুলাল সরদার নামের এক ব্যক্তি। পাসপোর্ট করাতে তাঁর কত টাকা খরচ হয়েছে—জানতে চাইলে তিনি জানান, ব্যাংকে ৩ হাজার ৪৫০ টাকা জমা দেওয়ার পরও অতিরিক্ত ৩ হাজার ৫০০ টাকা খরচ হয়েছে তাঁর। এর মধ্যে দালাল সুব্রত নিয়েছেন ২ হাজার টাকা ও পুলিশ ভেরিফিকেশনের সময় পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার (ডিএসবি) এক কর্মকর্তাকে ১ হাজার ৫০০ টাকা দিতে হয়েছে।
নওগাঁ সদরের আরজি নওগাঁর বাসিন্দা মোহাম্মদ রনি পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দেওয়ার পর গত ২১ ডিসেম্বর তাঁকে পাসপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত তারিখ পার হয়ে এক মাস হতে চললেও তিনি পাসপোর্ট হাতে পাননি। অথচ ওই সময়ের মধ্যে পাসপোর্ট দেওয়ার কথা বলে আলমগীর হোসেন নামের এক দালাল তাঁর কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছেন।
দালাল আলমগীর বলেন, ‘পাসপোর্টের আবেদন ফরম পূরণের জন্য রনির কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়েছি।’ তবে দ্রুত পাসপোর্ট দেওয়ার ব্যাপারে তাঁর সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে দাবি করেন তিনি।
সরেজমিনে দেখা যায়, পাসপোর্ট অফিস কার্যালয়ের দ্বিতীয় তলায় ‘দালালদের কাছ থেকে সাবধান’সংবলিত বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টাঙানো রয়েছে। কিন্তু অফিসের বাইরে একাধিক দালালের আনাগোনা। এমনকি অফিসের ভেতরেও তাঁদের অবাধ বিচরণ।
খোঁজ নিয়ে জানা যায়, আলমগীর, পলাশ, মোকছেদ, সুজা, সুব্রতসহ ১০-১২ জনের একটি চক্র পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সেবা নিতে আসা গ্রাহকদের দিনের পর দিন ঠকিয়ে আসছেন। তাঁদের আস্তানা ওই অফিসের নিচতলায়। তাঁদের অধিকাংশই সেখানে দলিল লেখক ও স্ট্যাম্প বিক্রির কাজ করেন।
কথা হয় বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা আতিকুর রহমানের সঙ্গে। ভারতে চিকিৎসা করাতে যাওয়ার জন্য পাসপোর্ট করাতে এসেছেন তিনি। দ্রুত পাসপোর্ট দেওয়ার নাম করে ইউনুস নামের এই অফিসের এক কর্মচারী তাঁর কাছ থেকে অতিরিক্ত দুই হাজার টাকা নেন। পাসপোর্ট ইস্যুর তারিখে (২০ ডিসেম্বর) খোঁজ নিলে ওই কর্মচারী তাঁকে জানান, তাঁর পাসপোর্ট রেডি হয়নি। পরে আরও দু-তিনবার খোঁজ নিলে তাঁকে একই কথা বলেন ইউনুস।
এ ব্যাপারে ইউনুস বলেন, ‘ওই লোক আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে তাঁর কাছ থেকে আমি কোনো টাকা নিইনি। আর উপপরিচালকের সঙ্গে দেখা করার বিষয়ে তিনি আমাকে কিছু বলেননি।’
পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক সুফি উল্লাহ বলেন, ‘দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাঝেমধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অফিসের ভেতরে দালালদের আমরা কোনো প্রশ্রয় দিই না। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে পুলিশ ভেরিফিকেশনের নামে ডিএসবির কর্মকর্তাদের বিরুদ্ধে এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার পুলিশ ভেরিফিকেশনের নামে ডিএসবির এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন প্রবেশ চন্দ্র বর্মণ নামের নিয়ামতপুরের এক স্কুলশিক্ষক। তিনি বলেন, ভেরিফিকেশনের নাম করে আবদুস সালাম নামের ডিএসবির এক উপপরিদর্শক তাঁকে নওগাঁয় আসতে বলেন। তিনি নওগাঁয় এলে ওই কর্মকর্তা তাঁর কাছে এক হাজার টাকা দাবি করেন। পরে তিনি ওই কর্মকর্তাকে ৮০০ টাকা দেন। বিষয়টি ওই দিনই পুলিশ সুপারকে (এসপি) অবহিত করলে আধা ঘণ্টার মধ্যে তাঁকে ৮০০ টাকা ফেরত দেন ওই কর্মকর্তা।
এসপি মোজাম্মেল হক বিষয়টির সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, এ ধরনের অনিয়মের সঙ্গে কোনো পুলিশ কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই কর্মকর্তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।