অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় এ জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে।
১৯ আগস্ট প্রথম আলোতে ‘খাদ্য অধিদপ্তরে নিয়োগে অনিয়মে ২৫ কর্মকর্তা জড়িত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
অধিদপ্তরকে দেওয়া খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বরপত্রে অনিয়মের বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্তে দেখা যায়, মৌখিক পরীক্ষায় ৩৬ পরীক্ষার্থীর নম্বরশিটে উপরিলিখন, ঘষামাজা, কাটাকাটি, এবং একজন পরীক্ষার্থীর আবেদনপত্র সই ছাড়াই পাওয়া গেছে। এ জন্য গঠিত পাঁচটি কমিটির মধ্যে ২৮ জনের ক্ষেত্রে খাদ্য অধিদপ্তরের পরিচালক শেখ জাকির হোসেন, ছয়জনের ক্ষেত্রে পরিচালক মোশাররফ হোসেন, তিনজনের ক্ষেত্রে বদরুল হাসান এবং একজনের ক্ষেত্রে তোফাজ্জল হোসেনের নেতৃত্বে গঠিত কমিটি অনিয়ম করেছে।
খাদ্য মন্ত্রণালয় বলেছে, নম্বরপত্রে ঘষামাজা, কাটাকাটির মাধ্যমে করা অমিয়ম সত্ত্বেও চাকরি দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত।
চিঠিতে জানানো হয়েছে, নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে অধিদপ্তরের মহাপরিচালক দপ্তরে যাবতীয় প্রাসঙ্গিক কাগজপত্র সংরক্ষিত আছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান বলেন, ‘আমরা দায়ী কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাইব, কেন তাঁরা এসব অনিয়ম করেছেন। তাঁদের জবাবের পরই ব্যবস্থা নেব।’