দ্বিতীয় সাবমেরিন কেব্লের সঙ্গে ঢাকাসহ সারা দেশকে সংযুক্ত করতে বিটিসিএলের নেওয়া প্রকল্পের বাতিল হওয়া দরপত্র মূল্যায়নে গঠিত দুটি কমিটির পাঁচ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ওএসডি) করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সরকারি ক্রয় আইন (পিপিআর) অনুযায়ী শুধু মতামত দেওয়ার জন্য এভাবে সরকারি কর্মকর্তাদের ওএসডি করার নিয়ম নেই।
ওএসডি হওয়া পাঁচ কর্মকর্তা হলেন ডিডব্লিউডিএম প্রকল্পের পরিচালক জগদীশ চন্দ্র মণ্ডল, বিটিসিএলের সদস্য এ এ মো. মুয়াশির, বিটিসিএলের পরিচালক তাসকিনুর রহমান, মাকসুদুর রহমান আকন্দ ও মহাব্যবস্থাপক (জিএম) শহীদুল আলম। এই পাঁচ কর্মকর্তা প্রকল্পের মূল্যায়ন কমিটি ও কারিগরি কমিটির সদস্য ছিলেন। তাঁদের মধ্যে আবার তিনজন দরপত্রে অংশ না নেওয়া টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) বিশেষ প্রস্তাবনা মূল্যায়ন কমিটিরও সদস্য ছিলেন।
প্রকল্পটির (ডিডব্লিউডিএম অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয় গত বছরের এপ্রিলে। কারিগরি ও দরপত্র মূল্যায়ন কমিটি প্রায় ছয় মাসের মূল্যায়ন প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্রের সিয়েনার যন্ত্রপাতি কেনার সুপারিশ করে। সিয়েনার যন্ত্রপাতি সরবরাহের প্রস্তাবদাতা প্রতিষ্ঠান নেতাশকে সফল দরদাতা মনোনীত ও অনুমোদনের জন্য নির্বাচিত করে দুই কমিটি। এরপর গত ১৫ অক্টোবর বিটিসিএল পরিচালনা পর্ষদ পুরো দরপত্রের প্রক্রিয়া বাতিল করে দেয়।
অপর দিকে আনুষ্ঠানিক দরপত্রের প্রক্রিয়ায় অংশ না নিলেও এ কাজের জন্য সরকারি মালিকানাধীন কোম্পানি টেশিসের দেওয়া প্রস্তাব বিবেচনায় নিতে পাঁচ সদস্যের একটি আলাদা মূল্যায়ন কমিটি করে বিটিসিএল। প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি টেশিস নিজে তৈরি করে না। তারা ভারতীয় কোম্পানি তেজাস থেকে যন্ত্রপাতি এনে সরবরাহ করার প্রস্তাব দেয়। প্রস্তাব বিবেচনার সময় গত আগস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী তেজাসের খরচে ও আতিথেয়তায় ভারত ভ্রমণ করেন। কিন্তু পাঁচ সদস্যের বিশেষ কারিগরি কমিটি টেশিসের প্রস্তাবকে কারিগরিভাবে অগ্রহণযোগ্য বলে প্রতিবেদন দেয়। কারিগরি কমিটির এই প্রতিবেদন গোপন রেখে ১ নভেম্বর টেশিসের প্রস্তাব বিটিসিএলের পরিচালনা পর্ষদে অনুমোদন করানো হয়। এরপর মাত্র চার কার্যদিবসে টেশিসকে প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। টেশিস ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)—এ দুই কোম্পানিরই চেয়ারম্যান হলেন সচিব ফয়জুর রহমান চৌধুরী।
এরপর মূল্যায়ন ও করিগরি কমিটির ওই পাঁচ কর্মকর্তাকে ওএসডি করা হয়। টেশিসের প্রস্তাবকে অযোগ্য এবং নেতাশের প্রস্তাবকে যোগ্য বলার কারণে তাঁদের ওএসডি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে সচিব ফয়জুর রহমান চৌধুরী গত রোববার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন আছে, তাই এ বিষয়ে কথা বলব না।’ তাহলে মামলা চলাকালীন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের ওএসডি করা হলো কীভাবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এটা জানেন না। এটা বিটিসিএলের বিষয়। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
গতকাল এ বিষয়ে জানতে চাইলে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ উদ্দিন আহমদ কিছু বলতে রাজি হননি।
অপরাধ ‘অজ্ঞতা’
প্রকল্পটির মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে গত বছরের ২২ ডিসেম্বর বিটিসিএলের এমডি মাহফুজ উদ্দিন আহমদকে একটি চিঠি দেন প্রকল্প পরিচালক জগদীশ চন্দ্র মণ্ডল। কারণ চলতি বছরের ৩১ জানুয়ারি প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু এখনো কাজই শুরু হয়নি। মূলত সে বিষয়টি তুলে ধরেই প্রকল্পের মেয়াদ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন করেন প্রকল্প পরিচালক।
এর পাঁচ দিন পর ২৭ ডিসেম্বর বিটিসিএল এমডিকে লেখা আরেকটি চিঠিতে প্রকল্পের সময়সীমা বাড়ানোর আবেদন প্রত্যাহার করে নেন জগদীশ চন্দ্র মণ্ডল। এর কারণ হিসেবে নিজের ‘অজ্ঞতা’র কথা উল্লেখ করেন তিনি। এই প্রত্যাহারপত্র পাওয়ার পর বিটিসিএলের এমডি ১ জানুয়ারি জগদীশ চন্দ্র মণ্ডলকে কারণ দর্শানোর চিঠি দেন। ৩ জানুয়ারি তাঁকে ওএসডি করা হয়। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে পরে আবার তা ‘অজ্ঞতার’ কথা বলে প্রত্যাহার, তারপর পিডিকে ওএসডি করার ঘটনাটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।