অনিয়মের অভিযোগ, তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণে যে অনিয়মের অভিযোগ উঠেছে সেটির তদন্ত শুরু হয়েছে। এর আগে গত শনিবার প্রথম আলোয় প্রকাশিত ‌‌‌‌‌‘গরিবের চাল ধনীর ঘরে’ শীর্ষক সংবাদ নিয়ে পরদিন রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার নিশ্চিত করেন।

গুরুদাসপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল উদ্দিন খান গতকাল সোমবার বলেন, প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের নির্দেশে জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলামের নেতৃত্বে নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শওকত রানা লাবুর সঙ্গে তাঁরা দেখা করেন। পত্রিকায় প্রকাশিত সংবাদে পাওয়া ও অভিযোগকারীদের দেওয়া তালিকায় বিতর্কিত ব্যক্তিদের নাম বাদ দিয়ে প্রকৃত হতদরিদ্রদের তালিকা নিশ্চিত করে তাঁকে চাল বিতরণ এবং প্রভাবশালীদের নামে থাকা কার্ড বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবারের মধ্যে প্রকৃত তালিকা তাঁর দপ্তরে জমা দিতেও নির্দেশ দেওয়া হয়।