বাগেরহাটের মংলা উপজেলায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত শনিবার উপজেলা সমন্বয়কারীকে সতর্কীকরণ নোটিশ দিয়েছেন।
উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের মাঠ সহকারী মাসুদ শেখ সমিতির সঞ্চয় ও কিস্তি ব্যাংকে জমা করেননি। পাস বই, সঞ্চয় ও কর্জের খতিয়ানসহ ৩ লাখ ৪৭ হাজার ৬১৭ টাকা অফিসের অনলাইন হিসাবে পোস্টিং দেন। এ ছাড়া কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী অর্চনা গুপ্ত সুন্দরবন ইউনিয়নের ৬ লাখ ৫৮ হাজার ৭৭৪ টাকা ব্যাংক হিসাবে জমা না দিয়ে অফিস হিসাবে জমা দেখিয়েছেন। এসব কারণে আর্থিক লেনদেনে সমস্যার সৃষ্টি হয়েছে। সর্বশেষ সব অর্থ সমন্বয়ের পর ৭৩ হাজার টাকার অনিয়ম ধরা পড়ে।
গতকাল মঙ্গলবার জানতে চাইলে উপজেলা সমন্বয়কারী জুলেখা বিবি এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।
ইউএনও মুহম্মদ আলী প্রিন্স বলেন, ‘সর্বশেষ ৭৩ হাজার টাকার অনিয়মের ৪০ হাজার টাকা আদায় হয়েছে। বাকি টাকাও দ্রুত আদায়ের জন্য বলা হয়েছে। আমি সমন্বয়কারীকে সতর্কীকরণ নোটিশে জানিয়ে দিয়েছি, ভবিষ্যতে এ রকম অনিয়ম হলে বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।’