অনিয়মের অভিযোগে অধ্যক্ষ ও তিন শিক্ষক বরখাস্ত
যশোরের কেশবপুরে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া নিয়োগসংক্রান্ত জটিলতার কারণে তিন শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে কলেজ পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজ পরিচালনা পর্ষদ ও নিরীক্ষা প্রতিবেদন সূত্রে জানা গেছে, শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজে প্রশাসনিক এবং আর্থিক অনিয়মের কারণে শিক্ষা মন্ত্রাণালয়ের বাজেট অধিশাখার যুগ্ম সচিব মজিবুর রহমান, পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ নেয়ামত উল্যাহ গত ১৯ জুন কলেজটিতে হিসাব নিরীক্ষণ করেন।
এতে কলেজের প্রায় চার কোটি টাকার অর্থ আত্মসাৎ ও অনিয়মের প্রমাণ পান তিনি। এ ছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে প্রশাসনকি অনিয়মের অভিযোগ পেয়ে গত ৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগ এবং পরিচালনা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদন বাস্তবায়নের জন্য গতকাল কলেজ পরিচালনা পরিষদের সভায় অধ্যক্ষ মশিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া শিক্ষক ওবায়দুর রহমান, স ম কামরুজ্জামান ও হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিচালনা পর্ষদের সভাপতি শামছুর রহমান বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে প্রশাসনিক অদক্ষতা, চার কোটি টাকার আর্থিক অনিয়ম, নিজের নিয়োগ বোর্ডে নিজেই সদস্য থাকা, চাকরিরত অবস্থায় মাস্টার্স সার্টিফিকেট অর্জনের অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তা না হলে তাঁকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হবে। ওবায়দুর রহমানের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার খাতায় শূন্য পেয়ে সেটাকে ১০ করার অভিযোগ রয়েছে। স ম কামরুজ্জামান ও হাফিজুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বোর্ডে হাজির না থাকার কথা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মশিয়ার রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট। উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ ওবায়দুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে তা ২০১২ সালে শিক্ষা মন্ত্রাণালয়ে নিষ্পত্তি হয়ে গেছে।’