অনিয়মের অভিযোগে অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের হাজী আবদুল মোতালেব মহিলা কলেজের হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা কমিটি অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে। পরে ওই কমিটি তাদের প্রতিবেদনে কলেজ অধ্যক্ষ জুলফিকার আলীর এমপিও বাতিল ও আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করেছে। এ ঘটনায় কলেজ পরিচালনা পরিষদের সভায় গত মঙ্গলবার জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে জুলফিকার আলী বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। হিসাবের কোনো গরমিল নেই। সব খরচের ভাউচার রয়েছে। যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, সেটি সঠিক নয়। ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আমি আইনগত পদক্ষেপ নেব।’
কলেজ ও নিরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট অধিশাখার যুগ্ম সচিব মজিবুর রহমান, পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ নেয়ামত উল্যাহ জুন মাসের ১৮ এবং ১৯ তারিখ কলেজটিতে হিসাব নিরীক্ষণ করেন। নিরীক্ষা শেষে তাঁরা গত ৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে নিরীক্ষা প্রতিবেদন জমা দেন। তাঁরা তদন্তে বিভিন্ন খাতওয়ারি ১৬ লাখ ১৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ উত্থাপন করেন।
তদন্তে ১০ ধরনের অনিয়মের উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খাতওয়ারি আয় ও ব্যয় লেখা হয় না, কোনো স্টক রেজিস্টার না থাকা, কোনো ক্রয় কমিটি না থাকা, ব্যয়ের ভাউচার নম্বর না থাকা, ব্যাংকে অর্থ না রেখে নগদে ব্যয় করা, সব ব্যয়ের ভাউচার না থাকা।
তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের কারণে কলেজ অধ্যক্ষ জুলফিকারের বিরুদ্ধে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পাশাপাশি তাঁর এমপিও বাতিল করতে বলা হয়। এ ছাড়া কলেজ প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য আব্দুস সামাদ বিশ্বাসের দেওয়া আর্থিক অনুদানের তথ্য না থাকায় তাঁর বিরুদ্ধেও তাঁরা ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। পরে গত মঙ্গলবার কলেজ পরিচালনা কমিটির সভায় কলেজের অধ্যক্ষ জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়। কলেজের শিক্ষক রায়হানা সাদেককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়। এ ছাড়া কলেজের দাতা সদস্য আব্দুস সামাদ বিশ্বাসের সদস্যপদ বাতিল করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকী জানান, অধ্যক্ষ ছুটিতে থাকায় তাঁর বরখাস্তের চিঠি তাঁকে দেওয়া যায়নি।