অনিয়মের অভিযোগে অধ্যক্ষের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা অনিয়মের অভিযোগ এনে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেনের অপসারণ দাবি করছেন শিক্ষার্থীরা। এ জন্য তাঁরা গতকাল বৃহস্পতিবার অধ্যক্ষকে তাঁর কার্যালয়ের কক্ষে তালা মেরে অবরুদ্ধ করে রাখেন। প্রায় তিন ঘণ্টা পর প্রশাসনিক কর্মকর্তারা গিয়ে তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন।
ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় নয় বছর ধরে মো. সাখাওয়াত হোসেন অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। কিন্তু এ সময়ের মধ্যে তিনি কখনো শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার ব্যাপারে চিন্তা করেননি। ইনস্টিটিউটের গবেষণাগার থেকে শুরু করে শ্রেণিকক্ষে পর্যাপ্ত চেয়ার-টেবিল নেই। বিভিন্ন সময় সরকার থেকে যে অর্থ বরাদ্দ আসে, তা শিক্ষার্থীদের পরিবর্তে অধ্যক্ষ ও শিক্ষকদের আরাম-আয়েশের জন্য ব্যয় করা হয়। বিশ্বব্যাংক থেকে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য প্রতিবছর যে বৃত্তি দেওয়া হয়, তা সঠিকভাবে বিতরণ করা হয় না। প্রতি সেমিস্টারে এই বৃত্তির টাকা দেওয়ার নিয়ম থাকলেও অধ্যক্ষ তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা রেখে তা থেকে সুদ উত্তোলন এবং সঠিক সময়ে টাকা প্রাপ্তি থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করেন। এমনকি কতজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন, এরও কোনো তালিকা অধ্যক্ষ প্রকাশ করেন না।
এসব অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীরা অধ্যক্ষ সাখাওয়াতের অপসারণ দাবিতে গতকাল বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অধ্যক্ষের কার্যালয়ের দরজায় তালা মেরে তাঁকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীরা ইনস্টিটিউটের ফটকেও তালা দেন। এ কারণে অন্য শিক্ষকেরাও ইনস্টিটিউট থেকে বের হতে পারেননি। পরে খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম জিয়াউল আহসানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম দেবাংশু কুমার সিংহ ও একদল পুলিশ গিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে তালা ভেঙে অধ্যক্ষকে তাঁর কক্ষ থেকে বের করে আনেন।
অনিয়ম ও অব্যবস্থাপনার এসব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ সাখাওয়াত গতকাল সন্ধ্যা সাতটার দিকে বলেন, তিনি কোনো অনিয়ম করেননি। ছয় মাস পরপর বৃত্তির টাকা আসে। টাকা যখনই আসে, তখনই চেকের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করা হয়।