অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিলেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের অভিযোগে কক্সবাজারের টেকনাফ-বাহারছড়া সড়কের সংস্কারকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসী ঠিকাদারের কাজ নিয়ে অভিযোগ করায় গতকাল রোববার সকালে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান সংস্কারকাজ দেখতে যান। এ সময় অনিয়মের কারণে তিনি কাজ বন্ধ করে দেন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, টেকনাফ-বাহারছড়া সড়কের হোয়াইক্যং বাজার থেকে বাহারছড়ার শামলাপুর পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার অংশের সংস্কার ও প্রতিরোধ দেয়াল নির্মাণের কাজটি করছে কুমিল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস রানা এন্টারপ্রাইজ। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩১ লাখ টাকা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ প্রথম আলোকে জানান, সড়কের বড় গর্তগুলো পাথর ও মাটি দিয়ে ভরাট করা হচ্ছিল। সড়কে এক ইঞ্চ কার্পেটিংয়ের প্রলেপ দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছিল আধা ইঞ্চিরও কম। প্রতিরোধ দেয়াল নির্মাণেও নিম্নমানের ইট ও সৈকতের বালু ব্যবহার করছিল ঠিকাদারের লোকজন। এ কারণে কাজ বন্ধ করে দিয়ে বিষয়টি সওজের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রানা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আবদুল গফুর জানান, সড়ক উঁচু-নিচু হওয়ায় প্রলেপ কোথাও কোথাও কমবেশি দেখা যাচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের উখিয়ার উপসহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে টেকনাফে) পলাশ চাকমা জানান, সড়ক সংস্কারের কাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন।