অনিয়মের অভিযোগে ডিলারশিপ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুজনের ডিলারশিপ বাতিল করেছে কর্মসূচির তালিকা যাচাই-বাছাই কমিটি।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুর রউফ, কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। পরে ডিলার মোমেন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

বাতিল হওয়া ডিলাররা হলেন মাথাভাঙ্গা ইউনিয়নে কাঠপট্টি বাজার এলাকার মোমেন মিয়া ও নিলখী ইউনিয়নের ওপারচর এলাকার লাক মিয়া।

ইউএনও কাজী শহিদুল ইসলাম বলেন, বাড়ি থেকে ৮৬ বস্তা চাল জব্দ ও ওজনে কম দেওয়ার দায়ে দুজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে এবং ডিলার মোমেন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।