অনিয়মের অভিযোগে ১৫টি ক্লিনিক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অনিয়মের অভিযোগে নওগাঁর পাঁচটি উপজেলায় দুই দফায় ১৫টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেনের নেতৃত্বে একটি চিকিৎসক দল জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক পরিদর্শন করে। এ সময় নানা অনিয়মের অভিযোগে নওগাঁ সদরসহ পাঁচটি উপজেলার ১০টি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়।
এগুলো হলো নওগাঁ শহরের আহসান জেনারেল ক্লিনিক, জায়েদা ক্লিনিক, জমজম ক্লিনিক ও যমুনা ক্লিনিক; নিয়ামতপুর উপজেলার আড্ডা মোড়ের আল আমিন ক্লিনিক ও ধানসুরা মোড়ের হক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; বদলগাছীর জাহানারা ক্লিনিক, মান্দার মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মহাদেবপুর উপজেলার লিমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ঘোষ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
এর আগে ২৯ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হেদায়েতুল ইসলাম ও সিভিল সার্জনের নেতৃত্বে একটি চিকিৎসক দল পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ক্লিনিক পরিদর্শন করে। এ সময় তারা বিভিন্ন অভিযোগে দুটি উপজেলার পাঁচটি ক্লিনিক বন্ধ ঘোষণা করে। ২৯ সেপ্টেম্বর বন্ধ করা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো পত্নীতলার নজিপুর ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আলফা হাসপাতাল ও কল্পনা ক্লিনিক এবং নিয়ামতপুরের আড্ডার মোড়ের সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম ও রেহানা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
এসব ক্লিনিক বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে গতকাল সিভিল সার্জনের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দেওয়া হয়েছে।