অনিয়মের অভিযোগে আইসিটি প্রকল্পের পিডি ওএসডি
আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের (২য় পর্যায়) অধীনে মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগ ওঠায় ওই প্রকল্পের পরিচালক (পিডি) মোহাম্মদ জসীম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
পাশাপাশি এ অভিযোগ খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব আহমদ শামীম আল-রাজীর নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুজন সদস্য হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী প্রধান মুহাম্মদ জহুরুল ইসলাম।