অনিয়মের অভিযোগে কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতদরিদ্রদের তালিকায় সচ্ছল, মৃত ব্যক্তি, জনপ্রতিনিধি ও চাকরিজীবী মানুষের নাম থাকাসহ নানা অনিয়মের অভিযোগে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ কার্যক্রম স্থগিত রেখেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা কমিটি ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠন করে আবার একটি সংশোধিত তালিকা প্রণয়নের নির্দেশনা দিয়েছে।
উপজেলার সৈয়দপুর ইউপির চেয়ারম্যান মাহমুদ হোসেন বলেন, ‘ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে যাচাই-বাছাই করা হয়েছে। আমার ইউনিয়নে দেড় হাজার মানুষ সরকারের এ সুবিধা পাচ্ছেন। এর মধ্যে ১৪৬ জনের নামের তালিকা সংশোধন করা হয়েছে।’
ময়দানহাটা ইউপির চেয়ারম্যান এস এম রূপম বলেন, ‘আমার ইউনিয়নে নতুন করে নির্ভেজাল হতদরিদ্রদের তালিকা করা হচ্ছে। আশা করছি আজকের (বুধবার) মধ্যেই নতুন তালিকা জমা দিতে পারব।’
মোকামতলা ইউপির চেয়ারম্যান মারুফ রহমান বলেন, ‘আমার ইউনিয়নে প্রায় ৮৮টি কার্ডের নাম পরিবর্তন হতে পারে। আজকের মধ্যেই তালিকা করার কাজ শেষ হবে। আশা করা যায়, সব প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহেই চাল পাবেন কার্ডধারীরা।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৬ হাজার ২৬১ হতদরিদ্র পরিবারকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আনা হয়। প্রথম পর্যায়ে ইউনিয়ন কমিটির দেওয়া তালিকা অনুয়ায়ী সেপ্টেম্বর মাস থেকে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়। এর পরপরই ওই তালিকায় সচ্ছল, মৃত ব্যক্তি, একই পরিবারের একাধিক সদস্য, ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে তালিকা তৈরি, তালিকায় জনপ্রতিনিধি, চাকরিজীবী ব্যক্তিদের নাম থাকাসহ চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগে প্রথম কিস্তির চাল বিতরণের পরই দ্বিতীয় কিস্তির চাল বিতরণ থামিয়ে দেওয়া হয়। পরে নতুন করে আগের তালিকা যাচাই-বাছাই করে সংশোধিত তালিকা উপজেলা কমিটির কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বদরুল আলম বলেন, হতদরিদ্রদের তালিকায় ত্রুটি থাকায় নতুন করে তালিকা যাচাই-বাছাই করে সংশোধনের পর নির্ভেজাল তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ তালিকা পাওয়া শেষ হলে চাল দেওয়া শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান বলেন, ‘কোনো রকম অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না। লিখিতভাবে নিশ্চয়তা দিয়ে নির্ভেজাল তালিকা দেওয়ার পরই কেবল সেই ইউনিয়নে চাল বিতরণের অনুমতি দেওয়া হবে। এরপর কোনো অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’