অনিয়মের অভিযোগে নিলাম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির গরু ট্রলারে করে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটে আনা হচ্ছে। এরপর ব্যবসায়ীরা ট্রাকে করে এসব গরু নিয়ে যাচ্ছেন বিভিন্ন স্থানে। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির গরু ট্রলারে করে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটে আনা হচ্ছে। এরপর ব্যবসায়ীরা ট্রাকে করে এসব গরু নিয়ে যাচ্ছেন বিভিন্ন স্থানে। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

ঢাকার সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের গবাদিপশুর নিলাম প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। দরপত্রে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে নানা অনিয়মের অভিযোগ ওঠায় কর্তৃপক্ষ নিলাম প্রক্রিয়া স্থগিত করে। গতকাল বুধবার নিলাম সম্পন্ন হওয়ার কথা ছিল।
কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার সূত্রে জানা গেছে, এ বছর খামারে পালনের অনুপযোগী কিন্তু খাওয়ার উপযোগী ৮১টি গরু চিহ্নিত করে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি শ্রেণিতে তিনটি করে ২৭টি শ্রেণির জন্য গত ১৮ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। গত মঙ্গলবার দরপত্র বিক্রির শেষ দিনে ১৮৩টি দরপত্র বিক্রি হয়। গতকাল এসব দরপত্র খোলার পর মূল্যায়ন করার কথা ছিল।
দরপত্র খোলা ও মূল্যায়নের দিনে গতকাল কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের পরিবেশ ছিল থমথমে। খামারের প্রশাসনিক ভবনের আঙিনা ছিল প্রভাবশালীদের দখলে। যাঁরা সমঝোতায় রাজি হননি, তাঁদের অনেকেই ওই সব প্রভাবশালীর বাধার কারণে দরপত্র জমা দিতে পারেননি। দুপুর ১২টার দিকে কয়েকজন যুবক অতর্কিতে প্রশাসনিক ভবনে ঢুকে আটটি দরপত্র জমা দেন। এ সময় উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
বেলা দেড়টায় দরপত্রে অংশগ্রহণকারীদের মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিশেষ পাহারায় ঢাকা থেকে বেশ কিছু দরপত্র খামারে নিয়ে আসা হয়। এগুলো গোপনে রাজধানীর খামারবাড়ির প্রাণিসম্পদ অধিদপ্তরের সংরক্ষিত বাক্সে গ্রহণ করা হয়েছিল।
নিলামে অংশগ্রহণকারীদের কয়েকজন অভিযোগ করেন, ২৭ শ্রেণির মধ্যে ২৩ শ্রেণির দরপত্র ছিল সবার জন্য উন্মুক্ত। আর ১৭, ১৮, ২৬ ও ২৭ নম্বর শ্রেণির দরপত্র বিশেষ ব্যক্তি ও স্থানের জন্য সংরক্ষিত ছিল। এসব দরপত্র গোপনে ওই সব বিশেষ ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অন্যরা ওই চার শ্রেণির দরপত্র ক্রয় করতে পারেননি।
নিলামে অংশগ্রহণকারী অনেকে বলেন, যেসব দরপত্র সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছিল, প্রভাবশালীদের ভয়ে অনেকে সেগুলোও কিনতে পারেননি। কেউ কেউ কিনলেও বাধার মুখে দরপত্র বাক্সে ফেলতে পারেননি।
সাভারের রেডিও কলোনির মোহসিন বাবু বলেন, অবৈধভাবে চারটি দরপত্র সংরক্ষণ করায় ওই চার শ্রেণি ছাড়া তিনি নিজের নামে ১৩টি ও অন্যের নামে ১০টি দরপত্র কিনেছিলেন। এর মধ্যে প্রভাবশালীদের চোখ ফাঁকি দিয়ে কৌশলে তিনি আটটি দরপত্র জমা দিতে পেরেছিলেন। এরপরও তাঁকে পাঁচটি দরপত্র প্রত্যাহার করতে হয়েছে। তিনি বলেন, অনিয়ম ঠেকাতে কর্তৃপক্ষ গোপনে ঢাকায় দরপত্র গ্রহণের ব্যবস্থা করে। অথচ এ বিষয়ে দরপত্রে কিছু উল্লেখ করা হয়নি। দরপত্রে অংশগ্রহণকারী সাভারের মিটন গ্রামের আবদুর রাজ্জাক বলেন, যে চারটি দরপত্র সংরক্ষণ করে রাখা হয়েছিল, সেগুলোর সব গরু বেশ মোটাতাজা। এ কারণে খামার কর্তৃপক্ষ বিশেষ ব্যক্তি ও স্থানের কথা বলে কম মূল্যে তা ক্রয়ের পাঁয়তারা করেছিলেন।
কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের উপপরিচালক মো. নিজাম উদ্দিন বলেন, নিয়মের মধ্য দিয়েই নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছিল। অনিয়মের কোনো সুযোগ ছিল না। এরপরও দরপত্রে অংশগ্রহণকারীদের আপত্তির কারণে নিলাম প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ঢাকায় দরপত্র গ্রহণ করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তবে বিশেষ ব্যক্তি ও স্থানের জন্য চার শ্রেণির দরপত্র বিক্রির অভিযোগের বিষয়টি এড়িয়ে যান নিজাম উদ্দিন।