অনিয়মের অভিযোগে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ হারিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইলের ২৪ জন। এবার তাঁদের মধ্যে অন্তত নয়জনের স্ত্রী, সন্তানসহ স্বজনেরা নতুন ডিলার হয়েছেন। কার্যত বাদ পড়া ব্যক্তিরাই কৌশলে ডিলারশিপ ধরে রেখেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৩ ও ২৭ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তামীম আল ইয়ামীন নান্দাইলের বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি, কার্ডধারীদের না দেওয়াসহ নানা অনিয়মের প্রমাণ পান। পরে ৬ অক্টোবর ওই কর্মসূচির উপজেলা কমিটির জরুরি সভায় নান্দাইলে নিয়োগ দেওয়া সব ডিলারের (২৪ জন) নিয়োগ বাতিল করা হয়। পরে প্রত্যেক ডিলারের জামানতের টাকা ফেরত দেয় খাদ্য বিভাগ।
নতুন ডিলার নিয়োগের জন্য ‘অভিজ্ঞ ও যোগ্য’ খাদ্য ব্যবসায়ীদের আবেদন করতে খাদ্য বিভাগের পক্ষ থেকে ১০ অক্টোবর মাইকিং করা হয়। ১৮ অক্টোবর নতুন তালিকা চূড়ান্ত করে উপজেলা কমিটি।
নতুন ২৪ ডিলারের সবার ব্যাপারে খোঁজখবর নেওয়া সম্ভব হয়নি। তবে নয়জনের ক্ষেত্রে দেখা যায়, তাঁরা অনিয়মের অভিযোগে বাতিল হওয়া ডিলারদেরই আত্মীয়স্বজন। এর মধ্যে রয়েছেন আগের ডিলারদের স্ত্রী ছয়জন, মেয়ে একজন, ভাতিজা একজন ও বাবা একজন। তাঁদের অনেকে ব্যবসার সঙ্গেই যুক্ত নন, যা ডিলার হওয়ার অন্যতম শর্ত। কার্যত স্বজনদের নামে ডিলারশিপ নিয়ে আগের ডিলাররাই কার্যক্রম চালাবেন।
নান্দাইল সদর ইউনিয়নে বাদ পড়া ডিলার ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল্লার স্ত্রী নাসরিন আক্তার নতুন ডিলার হয়েছেন। খাদ্য বিভাগের মামলায় নুরুল্লা এখন পলাতক। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাতেম আলী দাবি করেন, নাসরিন আক্তার স্থানীয় দাতারাটিয়া বাজারে দীর্ঘদিন খাদ্যশস্যের ব্যবসা করছেন। তবে বাজারের পাঁচজন ব্যবসায়ী বলেন, কোনো নারীকে তাঁরা বাজারে খাদ্যশস্যের ব্যবসা করতে দেখেননি।
গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজারে ডিলার ছিলেন কাজী আতাউল করিম। নতুন ডিলার হয়েছেন তাঁর মেয়ে তামান্না আফরিন। আতাউল করিম দাবি করেন, তাঁর মেয়ে দীর্ঘদিন খাদ্যশস্যের ব্যবসা করছেন।
মুশুলি ইউনিয়নে ডিলার ছিলেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান কবীর খান। নতুন ডিলার হয়েছেন তাঁর স্ত্রী শেফালি আক্তার। কয়েকবার মুঠোফোনে ফোন দিলেও কবীর তা ধরেননি। খারুয়া ইউনিয়নের বনগ্রাম বাজারে আগে ডিলার ছিলেন একটি মাদ্রাসার কর্মচারী (এমএলএসএস) মো. শওকত আলী। তাঁর স্থলে ডিলার হয়েছেন স্ত্রী খাদিজা আক্তার।
শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী বাজারে ডিলার ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহসিন। নতুন ডিলার হয়েছেন তাঁর স্ত্রী হাওয়া আক্তার। মুঠোফোনে কথা বললে মহসিন প্রথমে বলেন, তাঁর স্ত্রী একজন গৃহিণী। পরে তিনি দাবি করেন, তাঁর স্ত্রী অভিজ্ঞ ব্যবসায়ী। একই ইউনিয়নের লঙ্গারপাড় বাজারে ডিলার ছিলেন ক্ষমতাসীন দলের নেতা শফিকুল ইসলাম। সেখানে ডিলার হয়েছেন তাঁর স্ত্রী আকলিমা আক্তার। শফিকুলও দাবি করেন, তাঁর স্ত্রী ব্যবসায়ী।
রাজগাতী ইউনিয়নের বনাটি বাজারে ডিলার ছিলেন শ্রমিক লীগের নেতা আজহারুল ইসলাম। এখানে ডিলারশিপ পেয়েছেন তাঁর বাবা মো. ওয়াসিদ মিয়া। বেতাগৈর ইউনিয়নে আগে ডিলার ছিলেন আনোয়ারুল হক। নতুন ডিলার হয়েছেন তাঁর ভাতিজা ফজলে হক। মোয়াজ্জেমপুর ইউনিয়নে ডিলার ছিলেন আসাদুল ইসলাম। নতুন ডিলার হয়েছেন তাঁর স্ত্রী হোসনা আক্তার।
জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম বলেন, বাদ পড়া কেউ যাতে ডিলারশিপ না পান, সে জন্য উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের আগে থেকেই নির্দেশ দেওয়া রয়েছে।
নান্দাইলের অতিরিক্ত দায়িত্বে থাকা ঈশ্বরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আলাউদ্দিন গত সোমবার রাতে মুঠোফোনে বলেন, সদ্য বদলি হওয়া নান্দাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নুল আবেদিনের সময়ে এ তালিকা প্রস্তুত করা হয়। সময় কম পাওয়ায় তালিকাটি যাচাই-বাছাই করা তাঁর (আলাউদ্দিনের) পক্ষে সম্ভব হয়নি। তবে এবার কঠোরভাবে ডিলারদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হবে।