অনিয়মের কারণে ৮৬৯৯ কার্ড বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল বিতরণে বিভিন্ন অনিয়মের অভিযোগে নওগাঁয় ৮ হাজার ৬৯৯টি কার্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিন ডিলারের ডিলারশিপ বাতিল ও আরও দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

১০ টাকা কেজি দরের চাল শুধু হতদরিদ্র লোকজনের পাওয়ার কথা থাকলেও নওগাঁয় সচ্ছল পরিবার, বিশেষ দলের রাজনৈতিক কর্মী এবং কোথাও কোথাও একই ব্যক্তি একাধিক কার্ড পেয়েছেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে কার্ড বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এমনকি ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে নিয়োগ পাওয়া ডিলারদের বিরুদ্ধে ওজনে কম দেওয়া এবং কালোবাজারে এ চাল বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। গণমাধ্যমের সংবাদ ও বিভিন্ন এলাকায় কার্ডবঞ্চিতদের অভিযোগের পরিপ্রেক্ষিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের কার্ড যাচাই-বাছাই শুরু করে প্রশাসন।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁর ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ১ লাখ ১৮ হাজার ৯২৮ জনের মধ্যে ১০ টাকা কেজি দরের চালের কার্ড বিতরণ করা হয়েছিল। পরে অনিয়মের অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখতে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ১৭ সদস্যের যাচাই-বাছাই কমিটি করা হয়। তাঁদের যাচাই-বাছাইয়ে জেলায় গত ২৯ নভেম্বর পর্যন্ত ৮ হাজার ৬৯৯টি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ ধরা পড়ে। এসব কার্ড পরে দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে বলে জেলা খাদ্যনিয়ন্ত্রক নিশ্চিত করেছেন। এ ছাড়া ওজনে কম দেওয়া ও খোলাবাজারে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির অভিযোগে তিনজন ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ ছাড়া কালোবাজারে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির অভিযোগে দুই ডিলারের বিরুদ্ধে মামলা হয়েছে।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সূত্রে জানা গেছে, অনিয়মের দায়ে ডিলারশিপ বাতিল হওয়া ডিলাররা হলেন নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউপির রেজাউল ইসলাম, বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ওবায়দুর রহমান ও রানীনগর উপজেলার একদালা ইউনিয়নের আবদুল মালেক। চাল বিতরণে অনিয়ম ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের ডিলারশিপ বাতিল করেন।

এদিকে নিয়ামতপুর ও সদর থানা সূত্র জানায়, নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউপির ওহিদুল ইসলাম ও সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের স্বপন কুমারের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। কালোবাজারে এসব ডিলারের লোকজন ১০ টাকা কেজি দরের চাল বিক্রির সময় ধরা পড়ে। বর্তমানে এ দুই ডিলার পলাতক রয়েছেন।

নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাছানুর আল মামুন মুঠোফোনে বলেন, উপকারভোগীদের নামের তারিলকা করে গত ইউনিয়ন পরিষদ। কিন্তু চাল বিতরণ শুরু হয় নতুন পরিষদ ক্ষমতা গ্রহণের পর। বিতরণ শুরুর পর ধরা পড়তে থাকে অনিয়ম। এ পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে প্রতিটি ইউনিয়নে গঠিত যাচাই-বাছাই কমিটির তদন্ত সাপেক্ষে ওই সব অনিয়ম ঠিক করা হয়।

নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বদ্দিউজ্জামান মুঠোফোনে বলেন, ‘আমার ইউনিয়নে নিয়োগ পাওয়া ডিলার কালোবাজারে চাল বিক্রির চেষ্টা করেছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। তাই এখনো ইউনিয়নে নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়নি।’

এ বিষয়ে সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান বলেন, দুই ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। রায় পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা খাদ্যনিয়ন্ত্রক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘তদন্ত করে কার্ড বিতরণে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই সচ্ছল ব্যক্তিরা কার্ড পেয়েছেন বলে দেখা গেছে। আবার কোথাও একই ব্যক্তির নামে একাধিক কার্ড দেওয়া হয়েছে। এসব সংশোধন করে নতুন করে হতদরিদ্রদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা এবং প্রতিটি উপজেলা খাদ্য কার্যালয়ে আমরা অভিযোগ বাক্স রেখেছি। যেকোনো ইউনিয়নে এ ধরনের অনিয়মের অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’