অনিয়মের দায়ে পাটুরিয়ায় দুই লঞ্চ মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জীবনরক্ষাকারী যন্ত্রপাতি না থাকায় গতকাল শুক্রবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীবহনকারী দুটি লঞ্চের মালিককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকালে সমুদ্র পরিবহন অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল হাসান, অধিদপ্তরের প্রধান পরিদর্শক মো. শফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল ইসলাম এবং স্থানীয় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিভ খানসহ পুলিশ ও স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।
পাটুরিয়া নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোক্তাদির হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীবহনকারী ৩৭টি লঞ্চে যৌথ অভিযান পরিচালনা করে সমুদ্র পরিবহন অধিদপ্তর ও জেলা প্রশাসন। দুপুর সাড়ে ১২টার দিকে এই নৌপথে চলাচলকারী লঞ্চগুলোর অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জীবনরক্ষাকারী প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ‘এমভি অনন্যা’ ও ‘এমভি টুম্পা এক্সপ্রেস’ নামে লঞ্চ দুটির মালিককে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে গতকাল বিকেল পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপারকারী শাহপরান ফেরির ক্যানটিন পরিচালনকারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।