রাজবাড়ীর কালুখালী উপজেলায় অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রকল্পের শ্রমিকদের পরিবর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ব্যাংক থেকে মজুরির টাকা তুলছেন।
এদিকে এলাকার নারীরা এসব প্রকল্পে কাজের সুযোগ ও মজুরি দুটোই কম পাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রকল্প গত ২ মে শুরু হওয়ার কথা থাকলেও কালুখালীতে কয়েক দিন পরে শুরু হয়। এই উপজেলার সাতটি ইউনিয়নে মোট ১ হাজার ১৪৯ জন শ্রমিক কাজ করেন। তাঁদের মধ্যে ৭০৩ জন পুরুষ, অন্যরা নারী। প্রতিদিনের কাজের জন্য প্রত্যেকে ২০০ টাকা পান। নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে শনি থেকে বুধবার মোট পাঁচ দিন শ্রমিকেরা কাজ করবেন। পুরো সপ্তাহের মজুরির টাকা বৃহস্পতিবার প্রত্যেক শ্রমিক নিজের ব্যাংক হিসাব থেকে তুলবেন।
কিন্তু কালুখালী উপজেলার ১০টি প্রকল্পের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা কেউ নিজের টাকা ব্যাংক থেকে তোলেন না। কাজের শুরুতেই তাঁদের দিয়ে চেকে সই করিয়ে নেওয়া হয়। এ ছাড়া কোথাও কোথাও নারীশ্রমিকদের টাকা কম দেওয়া হচ্ছে।
উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদে চারটি প্রকল্পে মোট ১৭৫ জন শ্রমিক কাজ করছেন। এর মধ্যে কালুখালী রেলস্টেশনের পূর্ব কেবিন থেকে হরিণবাড়িয়া হাট পর্যন্ত পাকা রাস্তার দুপাশে সংস্কার প্রকল্পে ৫৪ জন পুরুষ ও ২৭ জন নারীশ্রমিকের কাজ করার কথা। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা পাকা রাস্তার দুই পাশের ঘাস পরিষ্কার করছেন। কর্মরত চারজন শ্রমিক বলেন, তাঁরা ৩০ জন এখানে কাজ করেন। তবে ওই সময় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে কোনো নারীশ্রমিক ছিলেন না। জানতে চাইলে শ্রমিকেরা বলেন, নারীরা মাটি কাটতে পারেন না, তাই তাঁদের কাজে নেওয়া হয় না। মজুরির কথা জানতে চাইলে তাঁরা বলেন, এক দিন পর পর মেম্বারের (ইউপি সদস্য) কাছ থেকে তাঁরা টাকা পান।
একই ইউনিয়নের রতনদিয়া পশুর হাট সম্প্রসারণের জন্য রেলসংলগ্ন গর্ত ভরাট প্রকল্পে ২৬ জন পুরুষ ও ১২ জন নারীশ্রমিকের কাজ করার কথা। সরেজমিনে দেখা যায়, সেখানে নয়জন শ্রমিক কাজ করছেন। কিন্তু কোনো নারীশ্রমিক নেই। অন্য এলাকার কয়েকজন শ্রমিকও তাঁদের সঙ্গে ছিলেন।
রতনদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম মণ্ডল জানান, ২০০ টাকায় শ্রমিক পাওয়া যায় না। তাই বেশি টাকায় শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। অন্য এলাকার লোক সেখানে কাজ করছেন কেন—জানতে চাইলে তিনি বলেন, এলাকার দরিদ্র মানুষও অন্য সব এলাকায় কাজ করেন।
মদাপুর ইউনিয়নের চারটি প্রকল্পের ১৫০ জন শ্রমিকের জন্য বরাদ্দ ১২ লাখ টাকা। গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে গান্ধীমারা বাজার পর্যন্ত পাকা রাস্তার উভয় পাশ সংস্কার প্রকল্পে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারীশ্রমিকের কাজ করার কথা। সরেজমিনে দেখা যায়, সেখানে ১৯ জন পুরুষ ও নয়জন নারীশ্রমিক কাজ করছেন। শ্রমিকেরা জানান, পুরুষদের ২০০ টাকা করে দেওয়া হলেও নারীশ্রমিকদের দেওয়া হয় ১৭৫ টাকা করে। চেয়ারম্যান তাঁদের প্রত্যেকের টাকা তুলে দেন।
এই প্রকল্পের সভাপতি মনোয়ারা বেগম মুঠোফোনে বলেন, ‘কাজ কবে শুরু হয়েছে বা কতজন শ্রমিক আছেন তা আমি জানি না।’
একই অবস্থা দুর্গাপুর স্ট্যান্ড থেকে বাওইখোলা পর্যন্ত রাস্তা সংস্কারকাজের। এ বিষয়ে মদাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা বলেন, তিনি উপজেলায় আছেন। পরে কথা বলবেন।
কিন্তু পরে ফোন দিলে আবুল কালাম আর ধরেননি।
কালিকাপুর ইউনিয়নের গতমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লাল মোল্লার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি। স্থানীয়রা বলেন, এখানে ১০ থেকে ১২ জন শ্রমিক চার-পাঁচ দিন কাজ করেছেন। কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান বলেন, ‘প্রকল্পগুলোতে যথানিয়মে কাজ হচ্ছে। আপনারা যখন গেছেন তখন হয়তো শ্রমিকেরা খাবার খেতে গিয়েছিল।’
মাঝবাড়ী ইউনিয়নের মহিমশাহী কালিকাপুর আবু হোসেন কমান্ডার চত্বর থেকে কোমরপুর মসজিদ পর্যন্ত পাকা রাস্তার সংস্কার প্রকল্পে মোট শ্রমিকের সংখ্যা ৩৯ জন। কর্মরত ২০ জন নারীশ্রমিক অভিযোগ করেন, তাঁরা ১৭৫ টাকা করে মজুরি পাচ্ছেন। গতবারও তাঁরা ১৭৫ টাকা করেই পেয়েছেন। তখন বলা হয়েছিল, ২৫ টাকা জমা রাখা হচ্ছে। কাজ শেষ হলে তা ফেরত দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তাঁরা সে টাকা পাননি। এ প্রকল্পের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘টাকা তো কারও কম পাওয়ার কথা নয়। যদি কেউ কম পেয়ে থাকে বিষয়টি আমি দেখব।’
কালুখালী উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ব্যাংক থেকে শ্রমিকদের টাকা অন্যদের তোলার অভিযোগ সঠিক নয়।
কিন্তু অগ্রণী ব্যাংক কালুখালী শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, উপজেলার সাতটি ইউনিয়নের ব্যাংক হিসাবই অগ্রণী ব্যাংকে খোলা হয়েছে। ব্যাংক কোনো কোনো এলাকা থেকে দূরে হওয়ায় অনেক সময় শ্রমিকেরা আসতে পারেন না। সে ক্ষেত্রে অন্যরা টাকা তুলে নিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘কম শ্রমিক দিয়ে কাজ করানো বা কাজ না করে টাকা তুলে নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ কোনো অভিযোগও করে নাই। আমি খোঁজখবর নিয়ে বিষয়টি দেখব।’