অনিয়মের প্রতিবাদ করায় কুপিয়ে জখম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
potuakhali
potuakhali

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে নুর সাঈদ হাওলাদারকে (৪০) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। তিনি ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। অনিয়মের প্রতিবাদ করায় আরেক আওয়ামী লীগ নেতার মদদে এ হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তদের রামদার কোপে নুর সাঈদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাঈদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে নুর সাঈদ হাওলাদার অভিযোগ করে বলেন, ‘নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর মাদ্রাসায় বিভিন্ন অনিয়ম রয়েছে। সেসব অনিয়মের চিত্র তুলে ধরে লিফলেট ছাপানো হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় সেসব লিফলেট বিতরণ করছিলাম। এ সময় মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. রুহুল আমীনের ছেলে কেনান, সোহাগ ও মিরাজ আমাকে কুপিয়ে জখম করেন। পরে এলাকার লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আবদুল মান্নান এবং মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুল আমিনের সঙ্গে মাদ্রাসার বিভিন্ন অনিয়ম নিয়ে বিরোধ চলছিল নুর সাঈদের। সভাপতি গ্রুপের শিক্ষকেরা উপস্থিত না হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছিল। অনিয়ম বন্ধের দাবিতে সচেতন অভিভাবক মহলের ব্যানারে লিফলেট বিতরণের সময় নুর সাঈদের ওপর হামলা চালানো হয়।

মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘লিফলেট বিতরণকে কেন্দ্র করে একটি গন্ডগোলের খবর পেয়েছি। আমি এলাকায় ছিলাম না। তবে এ ঘটনার সঙ্গে আমার পরিবারের কোনো সদস্য জড়িত নয়।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।