অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি প্রতিবেদন জমা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনায় অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে কমিটি। আজ শনিবার তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে পারে।
তদন্ত কমিটির সদস্যসচিব চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের যন্ত্রপাতি কেনার সময় কিছু অনিয়ম আমরা পেয়েছি। এমআরআই মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি বাজারমূল্যের চেয়ে বেশি দামে কেনার প্রমাণ মিলেছে। আমরা প্রতিবেদনে এসব উল্লেখ করেছি।’ তিনি বলেন, শনিবার (আজ) তদন্ত প্রতিদেবন জমা দিতে পারেন তাঁরা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনায় অনিয়ম ও দুর্নীতি নিয়ে গত জুলাই মাসে প্রথম আলো দুই কিস্তিতে প্রতিবেদন প্রকাশ করে। এর মধ্যে গত ২ জুলাই ‘তিন কোটি টাকার যন্ত্র কেনা হলো ১০ কোটিতে!’ এবং ৩ জুলাই ‘ভুয়া কার্যাদেশে তিন কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।
গত ১০ এপ্রিল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে আহ্বায়ক ও সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীকে সদস্যসচিব করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ জিয়াউদ্দিন আহমেদ ওই সভায় সভাপতিত্ব করেন।
তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, ‘তিন কোটি টাকার এমআরআই মেশিন কেনা হয়েছে ১০ কোটি দিয়ে। আট হাজার টাকার একটি যন্ত্র কেনা হয়েছে পৌনে তিন লাখ টাকা দিয়ে। তদন্ত করতে গিয়ে আমরা এ রকম অনেক বিষয় পেয়েছি। তা প্রতিবেদনে দিয়েছি। পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশও রয়েছে প্রতিবেদনে।’