
ঘড়িতে সময় বিকেল চারটা। হঠাৎ বোমার শব্দ। জেসমিন রহমানের বুকটা ধক করে উঠল। ছেলে অঙ্ক শিক্ষকের বাসায়। ওর মুঠোফোনটা বেজেই চলেছে। কিন্তু কেউ তুলছে না। ঘণ্টা খানেক পর জেসমিনের ফোনটা বাজল। অপর প্রান্ত থেকে কেউ একজন সদর হাসপাতালে যেতে বললেন তাঁকে। অবশেষে ছেলেকে খুঁজে পেলেন জেসমিন। মুখটা ক্ষতবিক্ষত। কপালটা থেঁতলে গেছে।৫ জানুয়ারি ফেনীর মাস্টারপাড়ায় বোমা হামলার ঘটনায় জেসমিন রহমানের একমাত্র ছেলে মিনহাজুল ইসলাম ওরফে অনীক আহত হয়েছে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ২ ফেব্রুয়ারি থেকে যে এসএসসি পরীক্ষা শুরুর কথা তাতে মিনহাজের অংশগ্রহণের কথা ছিল। ফেনী সরকারি পাইলট স্কুল থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ পেয়েছে সে। প্রকৌশলী হতে চায়, তাই অঙ্কটা খুব ভালো করে শিখছে। ছেলের ভবিষ্যতের কথা ভেবে গোটা পরিবার ঢাকায় চলে আসবে বলেও ঠিক করেছে।হাসপাতালে স্বজনেরা এলেই জেসমিন জিজ্ঞেস করছিলেন, ‘অনীক কি পরীক্ষা দিতে পারবে? পরীক্ষার সময় কি সাহায্যকারী নেওয়া যায়? ও বলবে, শ্রুতিলেখক লিখবে। চোখটা তো বাঁধা।’গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রাশেদ মাহমুদ প্রথম আলোকে বলেন, অনীকের সেরে উঠতে অনেকটা সময় লাগবে। ওর মাথায় আঘাত আছে। চোখের ওপরের অংশ থেকে নাক পর্যন্ত ঝলসে গেছে।
গতকাল মঙ্গলবার হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মিনহাজের মা জেসমিন রহমান ছেলের পাশে বসে বিলাপ করছেন। অনীক সোমবার বিকেল থেকে একটা কথাও বলেনি। হাসপাতালের বিছানায় নিথর পড়ে আছে। স্যালাইন চলছে। ব্যান্ডেজে চোখসহ মুখের অর্ধেকটা বাঁধা। রক্তের ছোপ চারদিকে। মাথার কাছে স্কুলব্যাগ। ব্যাগের বেল্টও রক্তমাখা।
জেসমিন রহমান প্রথম আলোকে বলেন, দেশের পরিস্থিতি খারাপ জেনেও ছেলেকে শিক্ষকের কাছে পড়তে পাঠিয়েছিলেন। ডাক্তারপাড়ায় তাঁদের বাড়ি। আড়াইটার দিকে মাস্টারপাড়ায় অঙ্ক শিক্ষকের কাছে গিয়েছিল। বিকেল চারটায় ওর বাড়ি ফেরার কথা। ঠিক সে সময়ই বোমা বিস্ফোরণের শব্দ পান। তিনিও বাড়ির বাইরে ছিলেন। মিনহাজ ফোন ধরছে না দেখে তিনি ডাক্তারপাড়া, মিজান রোড, ফেনী মডেল থানা এলাকা চষে ফেলেন। এরপর যখন মাস্টারপাড়ায় পৌঁছান, তখন পুলিশ ঘটনাস্থল ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। কাঁদতে কাঁদতে এই প্রতিবেদককে তিনি বলেন, ‘কত মানুষকে যে জিজ্ঞেস করছি, কেউ আহত আছে কি না কেউ কিছু বলতে পারে নাই। পাঁচটার সময় ফোন পাই। একজন বলল সদর হাসপাতালে যাইতে। আমার একটাই ছেলে। বাবা ওমানে থাকে। খবর শুনে শুধু কাঁদতেছে।’
জেসমিন জানান, ঘটনার সময় অনীকের সঙ্গে আহত হয় তার আরেক সহপাঠী। তারও আঘাত চোখে। গতকাল ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার খোঁজ নিয়েছেন। স্থানীয় সাংসদ শিরীন আক্তার দেখতে এসেছিলেন।
একাধিকবার বললেন, ‘গণতন্ত্র আসল কি আসল না, তাতে আমার কী? আমার ছেলের তো প্রাণ বাঁচে না। কেউ কাজ করতে যাবে, কেউ স্কুলে যাবে, কারও কোনো নিরাপত্তা নাই। ক্ষমতা নিয়ে কাড়াকাড়িতে আমার কী লাভ?’