রাজধানীর বনশ্রীতে নিজের দুই সন্তানকে হত্যার ঘটনায় অনুতপ্ত মা মাহফুজা মালেক। রোববার জিজ্ঞাসাবাদের সময় সন্তানদের কথা স্মরণ করে তিনি অনেকক্ষণ কেঁদেছেন। পুলিশের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে আলোচিত এই মামলাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্কুলপড়ুয়া দুই শিশুর হত্যার কারণ জানতে গত রোববার রাতে র্যাব, পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা রামপুরা থানায় মাহফুজা মালেককে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন।
নাম প্রকাশ না করার শর্তে তদন্তসংশ্লিষ্ট পুলিশের এক কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে আসামিকে কিছুটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। তবে এই মানসিক অবস্থার কারণেই যে তিনি নিজের দুই সন্তানকে হত্যা করেছেন, তা নিশ্চিত করে বলা যাবে না।
ওই কর্মকর্তা বলেন, হত্যার কারণ নিশ্চিত হতে এবং মাহফুজা মালেকের প্রকৃত মানসিক অবস্থা জানতে মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রেখে তাঁকে আরও কিছুদিন জিজ্ঞাসাবাদ করতে হবে। একই সঙ্গে তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও কথা বলতে হবে।
মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, তাঁর প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে অনেক ফারাক ছিল। এ কারণেই তিনি সন্তানদের হত্যা করেছেন। তিনি চেয়েছিলেন, তাঁর সন্তানেরা পরীক্ষায় খুব ভালো ফল করবে।
মামলা হস্তান্তর সম্পর্কে ডিবির (পূর্ব) এডিসি খন্দকার নুরুন্নবী প্রথম আলোকে বলেন, মা মাহফুজা মালেকের জিজ্ঞাসাবাদ চলছে। রিমান্ড শেষ না হওয়া পর্যন্ত মামলা পুলিশের হাতেই থাকবে। পাঁচ দিনের রিমান্ড শেষ হলে ডিবি মামলাটি তদন্তভার গ্রহণের পাশাপাশি আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আবার রিমান্ডের আবেদন করতে পারে।
গত ২৯ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর বনশ্রীতে ভিকারুন নিসা নূন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী নুসরাত আমান (১২) এবং হলি ক্রিসেন্ট (ইন্টারন্যাশনাল) স্কুলের নার্সারির ছাত্র আলভী আমানের (৬) মৃত্যু হয়। এ ঘটনায় রামপুরা থানায় বাবার করা হত্যা মামলায় মা গ্রেপ্তার রয়েছেন।