অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ
ময়মনসিংহের গফরগাঁও পৌর ছাত্রদলের নিহত নেতা ইবনে আজাদ ওরফে কমলের পরিবারকে বিএনপির চেয়ারপারসনের দেওয়া অনুদানের অর্থ ছাত্রদলের এক নেতা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রদল গফরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে।
ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, ইবনে আজাদের পরিবারকে দেওয়া অনুদানের অর্থ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহিবুর রহমান আত্মসাৎ করেছেন। ছাত্রদলের ওপর থেকে দায় এড়াতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আসাদুজ্জামান। তিনি বলেন, দুর্বৃত্তদের হামলায় ২০১৪ সালের সেপ্টেম্বরে নিহত হন গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ। ওই বছরের ২৩ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আজাদের বাবা আবুল কালামের নামে পাঁচ লাখ ও তিন লাখ টাকার পৃথক চেক দেওয়া হয়। তবে গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহিবুর রহমান কৌশলে আবুল কালামের কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে যান। পরে অনেকবার তাগাদা দেওয়ার পর মাহিবুর আবুল কালামকে ১ লাখ ৪০ হাজার টাকা ফেরত দেন। এখনো ১ লাখ ৬০ হাজার টাকা পাওনা আছেন।
এ ব্যাপারে মাহিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।