নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ নামে চার বিশিষ্ট ব্যক্তিকে হুমকি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে চট্টগ্রামের দুজন সরকারি কৌঁসুলির মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়। দুটি খুদে বার্তা একই নম্বর থেকে পাঠানো হয়েছে। হুমকির ভাষাও একই রকমের।
পুলিশ বলছে, খুদে বার্তাটি চট্টগ্রাম থেকেই কেউ পাঠিয়েছে। যে চারজনকে হুমকি দেওয়া হয়েছে তাঁরা হলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি রানা দাশগুপ্ত, চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ ও চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি চন্দন বিশ্বাস। এর মধ্যে অশোক কুমার দাশ ও চন্দন বিশ্বাসের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়। হুমকি পাওয়ার দুই সরকারি কৌঁসুলি নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এর আগে গত ২০ মে ডাকযোগে চিঠি পাঠিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে, ৩ জুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ৭ জনকে এবং ১৬ জুন তথ্যমন্ত্রীসহ ২৫ জনকে হত্যার হুমকি দেওয়া হয়। ওই তিনটি ঘটনায় আনসার বাংলা-১৩-এর প্যাডে লিখিত হুমকি দেওয়া হয়।
সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ প্রথম আলোকে বলেন, গতকাল সকাল ৭টা ৩৪ মিনিটে তাঁর মুঠোফোনে খুদে বার্তাটি আসে। এতে আনসারুল্লাহ বাংলা টিমের পরবর্তী লক্ষ্য তিনি ও তাঁর পরিবার, ড. অনুপম সেন ও রানা দাশগুপ্তের নাম লেখা রয়েছে।
আর চন্দন বিশ্বাস বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি খুদে বার্তাটি পেয়েছেন।
হুমকির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিকদের কাছে শুনেছি, আমিসহ চারজনকে আনসারুল্লাহ বাংলা টিমের পরবর্তী টার্গেট বলে হুমকি দিয়ে এসএমএস পাঠানো হয়েছে। আমি এগুলোকে ভয় পাই না। অতীতেও আমাকে হুমকি দেওয়া হয়েছিল। মৃত্যু ওপরওয়ালার হাতে।’
আনসারুল্লাহ বাংলা টিমের হুমকির বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য গত রাতে প্রথম আলোকে বলেন, দুই সরকারি কৌঁসুলি থানায় জিডি করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, খুদে বার্তাটি চট্টগ্রাম থেকে এসেছে। ওই মুঠোফোন ব্যবহারকারীকে ধরার চেষ্টা করা হচ্ছে। হুমকি পাওয়া দুই সরকারি কৌঁসুলি ও দুই বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তার জন্য যা করণীয় তাই করা হচ্ছে।