অনুপস্থিত থেকেও বেতন-ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় অনুপস্থিত থেকেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষক-কর্মচারী নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। তাঁরা ব্যবস্থাপনা কমিটিকে অনৈতিক সুবিধা দিয়ে পাঠদান না করেই বেতন-ভাতা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন আওয়ামী লীগের নেতারা।
জানা গেছে, নাশকতামুলক কর্মকাণ্ডে জড়িত থাকাসহ নানা অভিযোগে ওই ১৬ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা থাকায় গ্রেপ্তার এড়াতে তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন। এ কারণে তাঁরা কর্মস্থলে যেতে পারছেন না।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি ভাঙচুরের অভিযোগে পলাশবাড়ী উপজেলার মেরীরহাট (ডিগ্রি) ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম এবং ২০১২ সালের ১ জুলাই একই মাদ্রাসার সহকারী শিক্ষক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল উদ্দিনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। পরে নজরুলের বিরুদ্ধে আরও ছয়টি ও বেলালের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও তিনটি মামলা হয়। পলাতক অবস্থায় নজরুল ইসলাম উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হন। এসব মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় গত ১৫ ফেব্রুয়ারি তাঁকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু পলাতক থেকেও নজরুল ও বেলাল নিয়মিত বেতন-ভাতা নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদ্রাসার একজন শিক্ষক অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে নজরুল ও বেলাল মাদ্রাসায় আসেননি। তবে গোপনে হাজিরা খাতায় ঠিকই সই করে বেতন-ভাতা নিচ্ছেন। গত ফেব্রুয়ারি মাসেও তাঁরা বেতন নিয়েছেন। তিনি আরও বলেন, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সভাপতির সঙ্গে যোগসাজশ করেই ওই দুজন নিয়মিত বেতন-ভাতা তুলছেন।
মাদ্রাসার সভাপতি ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি জেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে অভিযুক্ত অধ্যক্ষ ও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশসংবলিত চিঠি পেয়েছি। দ্রুত কমিটির সভা ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
২০১২ সালের ২২ এপ্রিল জামালপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেবের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় প্রথম দ্রুত বিচার আইনে মামলা হয়। তিনি পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমির। পরে নাশকতার আরও ১০টি মামলা হয় তাঁর বিরুদ্ধে। পলাতক থেকেই তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর বিরুদ্ধে দায়ের মামলাগুলোর অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলিম বলেন, সভাপতি নিজেও জামায়াতের লোক হওয়ায় আবু তালেব কর্মক্ষেত্রে অনপুস্থিত থেকেও বেতন পেয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জেলা শিক্ষা কর্মকর্তার চিঠি পাওয়ার পর তাঁর বেতন বন্ধের সিদ্ধান্ত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদুল্যাপুর উপজেলার তিলকপাড়া দাখিল মাদ্রাসার সুপার ও পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি। নাশকতার মামলায় তিনিও বর্তমানে কারাগারে।
পলাশবাড়ী সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল মজিদ আকন্দের বিরুদ্ধে গত বছরের ৬ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। পরে আরও একটি নাশকতার মামলায় তাঁকে আসামি করা হয়। আবদুল মজিদ পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির। মামলার পর থেকে তিনি পলাতক। এ ছাড়া গত বছরের ১১ ডিসেম্বর একই মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান ও উপজেলা জামায়াতের রোকন মোজাম্মেল হোসেনের বিরুদ্ধেও নাশকতার মামলা হয়। তার পর থেকে তিনিও পলাতক। অথচ দুজনই নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন।
এই মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি কিছুদিন হলো এ দায়িত্ব পেয়েছি। আমি দায়িত্ব নেওয়ার পর ওই দুজন ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন বলে শুনেছি। তবে তা আগের সভাপতির সময়ে পেয়েছেন।’
এ ছাড়া পলাতক অপর ১০ জন হচ্ছেন পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট আবু বকর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাইদুর রহমান, পলাশবাড়ী সিনিয়র ফাজিল মাদ্রাসার সুপার রুহুল আমিন, চকবালা আলীম উদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী সাখাওয়াত হোসেন, বাসুদেব দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়া, ফকিরহাট আল্লাহর দরগা দাখিল মাদ্রাসার অফিস সহকারী শহিদুল ইসলাম কাজী ও সহকারী মৌলভী আইয়ুব আলী, হরিণাবাড়ী সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল ওয়াহেদ ও সহকারী শিক্ষক ইছাহাক আলী, মহেষপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আলমগীর হোসেন এবং গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী স্টেশন আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আজাদুল ইসলাম। পলাতক এবং মুঠোফোন বন্ধ থাকায় এসব শিক্ষক-কর্মচারীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কুতুব উদ্দিন বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটিই সব ক্ষমতার অধিকারী। আমরা শুধু তদারকি করি। তারপরও ওসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যবস্থাপনা কমিটিকে গত ২ ফেব্রুয়ারি চিঠি দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, যেসব শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে ব্যবস্থাপনা কমিটি তাঁদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়াসহ বরখাস্ত পর্যন্ত করতে পারত। কিন্তু কমিটি তা করেনি।