অনুপস্থিত দলের একাংশ, আসন নিয়ে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আয়োজিত ইফতার অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তারা বলেছেন, সরকার পতন আন্দোলনে নেতা-কর্মীদের ঐক্যের কোনো বিকল্প নেই। দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির জন্যও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের পাঁচলাইশ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় নেতারা ঐক্যের কথা বললেও উত্তর জেলা বিএনপির সদস্যসচিব আবদুল্লাহ আল হাসানসহ নেতা-কর্মীদের বড় একটি অংশ উপস্থিত ছিলেন না। এই ইফতার অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে প্রথম আলোকে জানান।
ইফতার অনুষ্ঠানে আসা ছাত্রদলের কয়েকজন নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, সভা শুরুর আগে সন্ধ্যা ছয়টার দিকে দর্শকসারিতে বসা নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়েন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল হক। এ সময় দুই নেতার অনুসারীদের মধ্যে তীব্র হট্টগোল সৃষ্টি হয়। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আসলাম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিরও আহ্বায়ক। তাঁর মুক্তির দাবিতে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ হালিম। সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে জানান আয়োজকেরা। তাঁর পরিবর্তে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আইনজীবী কবির চৌধুরী।
প্রধান অতিথি কবির চৌধুরী বলেন, বর্তমান সরকার বিএনপিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এ জন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মামলা দিয়ে আসলাম চৌধুরীকে হয়রানি করা হচ্ছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে এবং আসলাম চৌধুরীসহ নেতা-কর্মীদের মুক্তির জন্য সরকার পতনের আন্দোলনে সর্বস্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভায় অন্য বক্তারাও আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁরা আসলাম চৌধুরীর মুক্তির দাবি জানান।
সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ নুরে আরা ছাফা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, আবদুল আউয়াল চৌধুরী ও আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মো. মহিউদ্দিন, পেশাজীবী নেতা চিকিৎসক খুরশীদ জামিল প্রমুখ।
গত ১৫ মে সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
ইফতার অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যসচিব আবদুল্লাহ আল হাসান প্রথম আলোকে বলেন, ‘দলের আহ্বায়ক (আসলাম চৌধুরী) কারাগারে। আর আমি তো ইফতার অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে কিছুই জানি না। তাঁরা তো ইফতার অনুষ্ঠান আয়োজন করার কেউ না।’
এ বিষয়ে ইফতার অনুষ্ঠান আয়োজন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম এ হালিম প্রথম আলোকে বলেন, ‘এখন দলের দুঃসময়। এখন তো অনৈক্যের কোনো সুযোগ নেই। কিন্তু দাওয়াত দেওয়া সত্ত্বেও সদস্যসচিব আসেননি।’