অনুপস্থিত শিক্ষকের সই করেন অন্যরা
কোনো অনুমতি ছাড়াই চার মাস ধরে কর্মক্ষেত্রে অনুপস্থিত তিনি। তবু হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর আছে তাঁর। তুলছেন প্রতি মাসের বেতন। এই তিনি হচ্ছেন বরগুনা সদর উপজেলার মাইঠা-লবণগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মনিরা বেগম।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ২৬ আগস্ট ওই বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরণ কার্যক্রম পরিদর্শনে গেলে বিষয়টি ধরা পড়ে।
বিদ্যালয় সূত্র জানায়, ইউএনও গোলাম মোহাম্মদ ভূঁইয়া গত সোমবার প্রাথমিক বিদ্যালয়টিতে উপবৃত্তির টাকা বিতরণ কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে দেখেন, সেখানকার ছয় শিক্ষকের মধ্যে তিনজনই অনুপস্থিত। পরে শিক্ষকদের হাজিরা খাতা খুলে সেখানে শিক্ষক মনিরা বেগমের স্বাক্ষরে গরমিল দেখতে পান। ওই শিক্ষকের এপ্রিলের প্রথম সাত দিনে করা স্বাক্ষরের সঙ্গে পরের প্রায় চার মাসের স্বাক্ষরের কোনো মিল নেই। পরে জিজ্ঞাবাদের মুখে অন্য শিক্ষক মোশারফ হোসেন জানান, প্রধান শিক্ষকের নির্দেশে তিনি অনুপস্থিত শিক্ষক মনিরা বেগমের হয়ে হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করেছেন।
অপর শিক্ষক মাহমুদুর রহমানও বলেন, মনিরা বেগম চার মাস ধরে কোনো ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। পরে এই দুই শিক্ষক ইউএনওকে লিখিত জবানবিন্দ দেন।
ইউএনও গোলাম মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনিরা বেগম কর্মস্থলে না থেকেও হাজিরা খাতায় জাল স্বাক্ষর দিয়ে যেভাবে বেতন-ভাতা তুলছেন, তা নিয়মবহির্ভূত ও সরকারি অর্থ আত্মসাতের শামিল।
এদিকে প্রধান শিক্ষক আবদুল আলীমের কাছে গতকাল শুক্রবার বিকেলে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আর অভিযুক্ত মনিরা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, মনিরা বেগমের মূল কর্মস্থল শহরের ইউটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ২ এপ্রিল তিনি প্রেষণে মাইঠা-লবণগোলা বিদ্যালয়ে যোগ দেন। পাঁচ দিন কাজ করার পর নিজ সন্তানদের লেখাপড়ার স্বার্থে তিনি গত ১০ এপ্রিল থেকে বরিশালে অবস্থান করছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজ্জাম্মেল হক গতকাল দাবি করেন, তিনি ঘটনাটি জানতেন না।