অনুপ্রবেশকারী তিন রোহিঙ্গাসহ আটক ৫
অবৈধভাবে অনুপ্রবেশ করা মিয়ানমারের তিন রোহিঙ্গা নাগরিক এবং তাদের সহায়তা দেওয়া দুই বাংলাদেশিকে গতকাল বুধবার দুপুরে কক্সবাজারের টেকনাফ থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, টেকনাফ সদরের হাবিরছড়া এলাকায় চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসে গতকাল দুপুরে তল্লাশি চালায় বিজিবি। এ সময় অনুপ্রবেশকারী মিয়ানমার তিনজন রোহিঙ্গা নাগরিক এবং তাদের সহায়তাকারী দুজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তিন রোহিঙ্গা হলো মো. সাদেক হোসেন, রমজান আলী ও তার বোন সুহানা বেবী। তাদের সহায়তাকারী হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. শফি উল্লাহ ও তার স্ত্রী আজেদা আক্তারকেও আটক করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, অনুপ্রবেশকারী মিয়ানমারের তিনজন রোহিঙ্গা নাগরিক এবং তাদের সহায়তাকারী দুজন বাংলাদেশিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।