ভারতে অনুপ্রবেশের অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার ভোরে ভারত থেকে ফেরার পথে বিএসএফের হাতে তাঁরা আটক হন বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন লাউড়েরগড় গ্রামের ফিরোজ আলীর ছেলে সোহাগ মিয়া (২৮) ও শাহিদাবাদ গ্রামের শফিক মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬)।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাতের কোনো এক সময় এই দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ফেরার পথে গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের ১২০৩ নম্বর পিলার অতিক্রম করার সময় বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন তাঁরা।
সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, আটক ব্যক্তিদের ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বিজিবি।