অনুপ্রবেশের অভিযোগে আফ্রিকার চার নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতের সীমান্তবর্তী কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজারসংলগ্ন কেরানীনগর এলাকা থেকে এক নারীসহ আফ্রিকার চার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার রাত আনুমানিক একটার সময় বিজিবি-১০ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন কঙ্গোর ওকো থমাস, দক্ষিণ আফ্রিকার আবদু নাসার, গিনির কামারা হামদু এবং ক্যামেরুনের নারী গোফাং এ মিরা।
বিজিবির ব্যাটালিয়ন-১০-এর অধিনায়ক লে. কর্নেল মো. মোখলেসুর রহমান বলেন, আটক ব্যক্তিরা ভারতের ত্রিপুরার আগরতলা থেকে শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাঁদের কাছে ভারতের মেয়াদোত্তীর্ণ ভিসা ছিল। তাঁদের পাসপোর্টে ভারতের ইমিগ্রেশনের বহির্গমন সিল ছিল। বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজ ছিল না। বিজিবির সদস্যরা তাঁদের আটক করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এ ঘটনায় বিজিবি অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর আসামিদের কুমিল্লার আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জিজ্ঞাসাবাদে তাঁরা বলছেন, ভারত থেকে দ্রুত ঢাকায় যাওয়ার জন্য তাঁরা কুমিল্লার বিবির বাজার সীমান্তকে বেছে নেন। তাঁদের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে।