অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ভারতীয় ওই নাগরিকের নাম গোবিন্দ চন্দ্র সিং (২৮)।

আজ রোববার সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢোকার সময় গোবিন্দ চন্দ্রকে আটক করা হয়। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার বশকোটাল গ্রামের আশিস চন্দ্র সিংয়ের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে কুরুষা ফেরুষা সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৩৬-এর কাছ দিয়ে ভারতীয় নাগরিক গোবিন্দ চন্দ্র সিং অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়েন। এ সময় কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাঁকে আটক করে। পরে তাঁকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

কুড়িগ্রাম ৪৫ বিজিবির বালারহাট সীমান্ত ফাঁড়ির (বিওপি) হাবিলদার জাহাঙ্গীর আলম বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকে মাধ্যমে বিএসএফের কাছে ভারতীয় ওই নাগরিককে হস্তান্তর করা হবে।