অনুপ্রবেশের অভিযোগে ৩২ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের ৩২ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকা থেকে তাঁদের সঙ্গে এক বাংলাদেশিকেও আটক করা হয়।

বিজিবি ২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ তাঁদের আটক করা হয়। রোহিঙ্গাদের মধ্যে ১২ টি শিশু, ছয়জন নারী ও ১৪ জন পুরুষ। পুরুষদের পাঁচজনই মাঝি। এসব রোহিঙ্গার বাড়ি মিয়ানমারের আকিয়ারে জালিয়াপাড়ায় বলে জানা গেছে। আর আটক বাংলাদেশির নাম মো. ইসমাইল (৩০)। তিনি রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা করেছিলেন। তাঁর বাড়ি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকায়। সবাইকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, বৈদেশিক নাগরিক আইনে এবং অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে আটক পাঁচ মাঝির বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বাংলাদেশি নাগরিক ইসমাইলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাঁদের আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। এ ছাড়া বাকি ২৭ রোহিঙ্গাকে যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে।